পাপুয়া নিউগিনির মানুস দ্বীপে অস্ট্রেলিয়ার অর্থায়নে চলা বিতর্কিত শরণার্থীশিবির বন্ধ করে দেওয়া হবে। গতকাল বুধবার পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী পিটার ও নেইল এক বিবৃতিতে ঘোষণা দেন, আশ্রয়প্রার্থীদের জন্য অস্ট্রেলিয়ার ব্যবহার করা বন্দিশালা বন্ধ করে দেওয়া হবে। মানুস দ্বীপের শিবিরে লোকজনকে আটকে রাখা অবৈধ বলে মঙ্গলবার রায় দেন পাপুয়া নিউগিনির সুপ্রিম কোর্ট। এর পরদিনই দেশটির সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এল। অস্ট্রেলিয়া এর অফশোর প্রক্রিয়াকরণ নীতির অধীনে আশ্রয়প্রার্থীদের পাপুয়া নিউগিনির বন্দিশালায় পাঠায়। গতকাল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, ওই আশ্রয়প্রার্থীদের দায়িত্ব পাপুয়া নিউগিনিরই। পরে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক প্রক্রিয়াকরণ কেন্দ্রে বর্তমানে আটক থাকা শরণার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া সরকারকে শিগগিরই বলবে পাপুয়া নিউগিনি। বিবিসি