পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ পাপুয়া নিউগিনিতে বড় ধরনের ভূমিধসে অন্তত ৬০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি গ্যাস প্রকল্পের ওপর গত মঙ্গলবার রাতে এ ভূমিধসের ঘটনা ঘটে। প্রচারমাধ্যম ও গ্যাসক্ষেত্রের শ্রমিকেরা গতকাল বুধবার এ দুর্যোগের কথা জানান। দেশটির প্রধানমন্ত্রী পিটার ও’নিল গতকালই দুর্গত এলাকায় ছুটে যান। পাপুয়া নিউগিনির দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি এলাকায় এক্সনমোবাইল পরিচালিত বিশাল ওই গ্যাসক্ষেত্রটির অবস্থান। দেশটির প্রচারমাধ্যম প্রতিষ্ঠানগুলো গতকাল জানায়, তখন পর্যন্ত ভূমিধসে নিহত ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও ২০ জনের মতো নিখোঁজ। তারা ওই এলাকার একটি দুর্গম গিরিখাদের ধারে বাস করত। রাতে ভূমিধস হওয়ার সময় তারা সবাই ঘুমিয়েছিল। সরকারের জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক মার্টিন মোসি জানান, এ ঘটনায় বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছে বলেই মনে হচ্ছে। তবে তাদের সংখ্যা নিশ্চিত হতে আরও খোঁজখবর নিতে হবে। তিনি আরও বলেন, বিশাল এলাকা এই ভূমিধসের শিকার হয়।যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংগঠন পপুলেশন সার্ভিস ইন্টারন্যাশনালের কর্মী নানদুকা ইয়ানদি জানান, ৪২টি বাড়ি ভূমিধসের কবলে পড়ে। সেখানকার মাত্র তিন থেকে চারজন পালাতে সক্ষম হয়। বাকি সবাই মারা গেছে। তিনি আরও জানান, এলাকাটি এত দুর্গম যে দুর্গত মানুষকে সাহায্য করতে অথবা মাটির স্তূপ সরিয়ে লাশ উদ্ধারে কোনো ত্রাণকর্মী গতকালও সেখানে পৌঁছাতে পারেননি। এএফপি।