পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে দেশটির উপকূলের নিউ ব্রিটেন দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাবাউল শহর থেকে ১৬২ কিলোমিটার দূরে নিউ ব্রিটেন দ্বীপে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে এটির উৎপত্তিস্থল।
শুক্রবার সকালে বিবিসি জানিয়েছে, ওই ভূমিকম্পের ঘটনায় কিছু উপকূল রেখায় ভয়ংকর সুনামি সতর্কতার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নিউ ব্রিটেন দ্বীপের পূর্বে অবস্থিত রাবাউল হোটেলের ডেলি মাইনডিং নামের এক অভ্যর্থনাকারী সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘ভূমিকম্প অনুভূত হলে তাঁদের হোটেলের অনেক অতিথি দৌড়ে বাইরে চলে যান। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’ তিনি বলেন, ‘আমরা ভূকম্পন অনুভব করি। তখন সবকিছু নড়চড়া করছিল, এ সময় আমরা ভবনের বাইরে চলে গিয়েছিলাম।’
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি এ দেশে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ইগা প্রদেশের প্রায় সব গ্রামে ভূমিধসে অন্তত ১০০ জনের প্রাণহানি ঘটে।