পারচিন ঘাঁটি পরিদর্শন করতে দিন: আইএইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানকে তার পারচিন সামরিক ঘাঁটিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ইউকিয়া আমানো। গতকাল সোমবার সংস্থাটির এক রুদ্ধদ্বার বৈঠক থেকে তিনি এ আহ্বান জানান। ইউকিয়া আমানো বলেন, অবিলম্বে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পারচিন সামরিক ঘাঁটিতে প্রবেশের অনুমতি দেওয়া উচিত। এ ক্ষেত্রে সন্দেহজনক ‘পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির’ তদন্তের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কালবিলম্ব করা উচিত নয়।আমানো বলেন, ‘পারচিন সামরিক ঘাঁটিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশ করতে দিলে বোঝা যাবে ইরান আইএইএর সঙ্গে কাজ করতে আন্তরিক। এটা হলে আমাদের উদ্বেগও কমবে।’এর আগে ইরান পারচিন সামরিক ঘাঁটিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেয়নি। পশ্চিমা শক্তিধর দেশগুলোর ধারণা, ইরান শান্তিপূর্ণ কর্মসূচির নামে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের পারমাণবিক কর্মসূচির প্রশ্নে এক বছরের বেশি সময় পর গত ১৩ ফেব্রুয়ারি তেহরানে আলোচনায় বসে আইএইএ। তবে বৈঠকে তেমন কোনো অগ্রগতি হয়নি। এএফপি।