পারভেজ মোশাররফ মুক্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ মামলায় জামিন পেয়ে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ। তবে জীবনের ওপর মারাত্মক হুমকি থাকায় তাঁর ইসলামাবাদের খামারবাড়িতে কড়া নিরাপত্তা বহাল থাকবে। তিনি দেশে ফেরার কিছুদিন পর থেকে সেখানেই গৃহবন্দী অবস্থায় বিচারাধীন।
ইসলামাবাদের লাল মসজিদের ইমাম আবদুল রশিদ হত্যা মামলায় অভিযুক্ত মোশাররফকে গত সোমবার জামিন দেন একটি আদালত। ২০০৭ সালে প্রেসিডেন্ট থাকার সময় জঙ্গি দমনে রাজধানীর ওই মসজিদে সেনা অভিযান চালিয়েছিলেন মোশাররফ।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট মালিক মুশতাক গতকাল বলেন, ‘আমরা আজ সকালে ইসলামাবাদের নগর প্রশাসনের কাছ থেকে লিখিত আদেশ পেয়ে তাঁর বাড়ি প্রহরারত কারা কর্মকর্তাদের ফিরে আসতে বলেছি।’ ইসলামাবাদের স্থানীয় প্রশাসনের প্রধান জওয়াদ পল এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোশাররফ এখন মুক্ত। তাঁর বাড়িটি আর উপকারাগার নয়।’
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের পক্ষে অবস্থান নেওয়ায় তালেবান জঙ্গিরা পারভেজ মোশাররফকে হত্যার হুমকি দিয়েছে। এ জন্য তাঁর বাড়িতে কড়া পাহারা বজায় থাকবে। তাঁর দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। এএফপি।