পারভেজ মোশাররফকে গ্রেপ্তারে ইন্টারপোলকে অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল যাতে রেড নোটিশ জারি করে, সেই প্রক্রিয়াটি অনুমোদন করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক গত মঙ্গলবার রাতে সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ইতিমধ্যে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) কাছে পাঠানো হয়েছে। রেহমান মালিক জানান, এফআইএ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে ইন্টারপোলকে চিঠি পাঠাবে বলে তিনি আশা করছেন। এর আগে এফআইএর সন্ত্রাসবাদবিরোধী বিভাগ পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে মোশাররফকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার বিষয়ে ইন্টারপোলকে অবগত করার কথা উল্লেখ করা হয়।কয়েক মাস আগে পাকিস্তানের একটি আদালত পারভেজ মোশাররফকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নিতে সরকারকে নির্দেশ দেন। আদালত মোশাররফকে ‘ঘোষিত অপরাধী’ বা পলাতক হিসেবে রায় দিয়েছিলেন।২০০৯ সালের শুরু থেকে সাবেক সামরিক শাসক মোশাররফ লন্ডন ও দুবাইতে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এর আগে জানিয়েছিলেন, সরকার মোশাররফকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি দাঁড় করাবে। ২০০৭ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের ঘটনায় মোশাররফের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ আছে। তবে মোশাররফ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি চলতি মার্চ মাসেই দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন; যদিও শেষ পর্যন্ত তিনি মত পাল্টেছেন। অবশ্য মোশাররফ দেশে ফিরবেন—এমন সিদ্ধান্ত নেওয়ার পরপরই পাকিস্তান সরকার জানায়, দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করা হবে। পিটিআই।