পারভেজ মোশাররফের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের মামলায় গতকাল শনিবার সন্ত্রাসবাদবিরোধী আদালত মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।এদিকে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফআইএ) তার চালানের তালিকা থেকে মোশাররফের নাম বাদ দিতে কোনো চাপের মুখে পড়ার কথা অস্বীকার করেছে। রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদবিরোধী আদালতের বিশেষ কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলী বলেন, মোশাররফের বিরুদ্ধে গত সপ্তাহে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মোশাররফ তাঁর ইসলামাবাদের বাড়িতে থাকেন না—এই বিষয়টি আদালতকে জানানোর পর শনিবার আদালত নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি বলেন, ‘আমরা মোশাররফের ঠিকানা জানি না। তবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছ থেকে জেনেছি তিনি যুক্তরাজ্যে আছেন। এখন তাঁর ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পাঠানো হবে।’ কৌঁসুলি জুলফিকার আলী জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালত আগামী ৫ মার্চ পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়।লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকা মোশাররফের একজন মুখপাত্র জানান, তিনি (মোশাররফ) আদালতের শুনানিতে হাজির হওয়ার জন্য পাকিস্তানে ফিরবেন না।বেনজির হত্যাকাণ্ডে পারভেজ মোশাররফের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে তা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি এই মামলায় আদালতে অন্তর্বর্তীকালীন অভিযোগপত্র জমা দেয় এফআইএ। অভিযোগপত্রে মোশাররফের নাম উল্লেখ করা হয়। এর আগে বেনজির হত্যাকাণ্ডসংক্রান্ত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও বেনজিরের নিরাপত্তার জন্য কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তৎকালীন প্রেসিডেন্ট মোশাররফ।২০০৭ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে এক নির্বাচীন সমাবেশে বক্তব্য শেষে নিজের গাড়িতে ওঠার সময় আত্মঘাতী হামলায় নিহত হন বেনজির ভুট্টো। ওই সময় পারভেজ মোশাররফ সরকার হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানের তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদকে দায়ী করে। মেহসুদ ওই অভিযোগ অস্বীকার করেন।২০০৮ সালে আগস্ট মাসে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন মোশাররফ। ২০০৯ সালের শুরু থেকে স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি।এদিকে একটি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে পাকিস্তানের দ্য ন্যাশন পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, এফআইএ তার পঞ্চম চালানের তালিকা তৈরি করছে। এতে বেনজির হত্যাকাণ্ডে মোশাররফের বিরুদ্ধে প্রত্যক্ষ ও আন্তর্জাতিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। চালানে ফেরারি আসামি হিসেবে মোশাররফের নাম থাকছে। অপর সাতজনের মধ্যে বায়তুল্লাহ মেহসুদেরও নাম থাকছে। মেহসুদ অবশ্য ২০০৯ সালে পাকিস্তানে মার্কিন হামলায় নিহত হন।অপর একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, নিজের প্রতিষ্ঠিত দল অল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) পেশোয়ারে অনুষ্ঠিত কনভেনশনে মোশাররফ টেলিফোনে বক্তব্য দিয়েছেন। এতে তিনি বেনজির হত্যাকাণ্ডে তাঁকে জড়ানোর বিষয়টিকে পাকিস্তানে ফিরতে না দেওয়ার ষড়যন্ত্র বলে আখ্যা দেন। কিন্তু তিনি দেশে ফিরে জনগণের সেবা করতে চান। এএফপি, এএনআই।