পারভেজ মোশাররফের স্ত্রীর সম্পদের উৎস খতিয়ে দেখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের স্ত্রী সেবা মোশাররফের সম্পদের উৎস খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদবিরোধী বিশেষ আদালত এ নির্দেশ দেন। পাকিস্তানের ডন নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদবিরোধী বিশেষ আদালতে শনিবার মোশাররফের কয়েকটি ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করার বিরুদ্ধে শুনানি চলছিল। শুনানিতে মোশাররফের আইনজীবী ইলিয়াস সিদ্দিকী বলেন, মোশাররফ চক শেহজাদ ফার্ম হাউস দুই বছর আগে তাঁর স্ত্রীকে ‘উপহার’ দেন। পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফআইএ) কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলী যুক্তি তুলে ধরে বলেন, মোশাররফ ওই ফার্ম হাউস তাঁর স্ত্রীকে উপহার দিয়ে থাকলে তা কেন এখনো মোশাররফের নামেই নিবন্ধিত? জুলফিকার উল্লেখ করেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নথিতে এখনো ফার্ম হাউসটি মোশাররফের নামেই নিবন্ধিত রয়েছে।পরে আদালত সেবার সম্পদের উৎস খতিয়ে দেখার নির্দেশ দিয়ে ২০ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেন।পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অভিযোগে মোশাররফের বিরুদ্ধে মামলা হলে তাঁর ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করা হয়। গত বছরের সেপ্টেম্বরে এর বিরুদ্ধে আদালতে যান মোশাররফের স্ত্রী সেবা। ডন।