পারমাণবিক অস্ত্র তৈরি করব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে গত বুধবার বলেছেন, তেহরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন রুহানি।
সাক্ষাৎকারে রুহানি বলেন, ইরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরির মতো ব্যাপক বিধ্বংসী উদ্যোগ নেবে না। অতীতে কখনো এ রকম অস্ত্র তৈরি করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না। ইউরেনিয়ামসমৃদ্ধ করার বিতর্কিত কর্মসূচির কারণে ইরানের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়ামকে একটি নির্দিষ্ট মাত্রায় সমৃদ্ধ করতে হয়। এ ব্যাপারে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে রুহানি বলেন, তাঁর দেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্য নিয়ে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে চায়।
উদারপন্থী হিসেবে পরিচিত রুহানি দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং পাশ্চাত্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টার প্রতিশ্রুতি দিয়ে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। রুহানির এ সাক্ষাৎকারের ব্যাপারে প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেন, তিনি ওবামাকে নিয়ে ইরানি প্রেসিডেন্টের মন্তব্যে ‘সন্তুষ্ট’। এখন ইরানের কথা ও কাজের মিল কতটুকু, তা দেখতে চান। মার্কিন প্রেসিডেন্টের চিঠিতে ‘ইতিবাচক’ মনোভাবের প্রতিফলন হয়েছে মন্তব্য করে রুহানি বলেন, ওবামা সব সময়ই ‘আলোচনার ব্যাপারে সদিচ্ছা’ প্রকাশ করেছেন। এএফপি ও বিবিসি।