পারমাণবিক অস্ত্র সংগ্রহ করছে না মিয়ানমার
মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন বলেছেন, তাঁর দেশ উত্তর কোরিয়ার কাছ থেকে পারমাণবিক অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে না। গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। কিছু পশ্চিমা দেশের সন্দেহের ভিত্তিতে এই অভিযোগ তোলা হয়।চার দিনের সফরে সিঙ্গাপুরে রয়েছেন প্রেসিডেন্ট থেইন সেইন। গত রোববার তিনি সিঙ্গাপুর পৌঁছান। আগামীকাল তাঁর সফর শেষ হবে। ২০১০ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার, ইরান ও সিরিয়ায় নিষিদ্ধ পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জামাদি সরবরাহ করছে পিয়ংইয়ং।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত ডিসেম্বরে মিয়ানমার সমফরকালে দুই দেশের সম্পর্কোন্নয়নের আহ্বান জানান। সে সময় হিলারি বলেন, উত্তর কোরিয়ার যেসব অস্ত্র রপ্তানির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা বলবৎ আছে, সেসব অস্ত্র আমদানি না করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন থেইন সেইন। ২০১০ সালের জুনে তৎকালীন ক্ষমতাসীন সামরিক জান্তার এক বিবৃতিতে বলা হয়, পারমাণবিক বোমা তৈরির কোনো মতলব থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে না মিয়ানমার।গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারে বড় ধরনের কোনো পারমাণবিক প্রকল্প থাকার প্রমাণ মেলেনি। কিন্তু এর আগে অভিযোগ ওঠে, উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে উন্নততর পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে মিয়ানমার।মিয়ানমার বলে আসছে, দেশটি সব সময়ই জাতিসংঘের বিধিবিধান মেনে চলে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কারণে রাশিয়া-সমর্থিত একটি শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণা প্রকল্প বন্ধ রাখে ইয়াঙ্গুন।গত সোমবার এক রাষ্ট্রীয় ভোজে থেইন সেইন আবারও তাঁর দেশে ‘সুস্থ গণতন্ত্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। ভোজে অংশগ্রহণকারী নেতাদের উদ্দেশে থেইন বলেন, ‘আমাদের দেশের ইতিহাসের পাতা আমরা উল্টে দিয়েছি। জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছি। আমরা চাই জনগণ গণতান্ত্রিক সংস্কারের প্রক্রিয়ায় যুক্ত হোক। গণতন্ত্রের পথে উত্তরণে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আপনাদের আশ্বস্ত করতে চাই, মিয়ানমারে সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা পেতে যাচ্ছে।’মিয়ানমারে প্রায় ৫০ বছর ধরে সামরিক জান্তা শাসন করে। ১৯৯০ সালে অনুষ্ঠিত নির্বাচনে সে দেশের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নিরঙ্কুশ বিজয় লাভ করে। কিন্তু এই ফল মেনে নেয়নি জান্তা। সু চিসহ তাঁর দলের শীর্ষ নেতাদের কারাবন্দী করে রাখা হয়। ২০১০ সালের নভেম্বরে সু চিকে মুক্তি দেওয়া হয়। নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচন জান্তার পাতানো—এই অভিযোগ এনে নির্বাচন বর্জন করে এনএলডি। সেনা-সমর্থিত বেসামরিক সরকারের প্রেসিডেন্ট থেইন সেইন ঘোষণা দেন, তাঁর সরকার নানা গণতান্ত্রিক সংস্কার করবে। এর অংশ হিসেবে সু চির রাজনৈতিক চলাফেরার ওপর কড়াকড়ি প্রত্যাহার করা হয়েছে।পার্লামেন্টের উপ-নির্বাচন সামনে রেখে গত রোববার মিয়ানমারের উপকূলীয় দাওয়েই শহরে রাজনৈতিক সফর শুরু করেন সু চি। এএফপি।