পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা আগের চেয়ে জোরদার হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক নথিতে এ স্বীকৃতি দেওয়া হয়। এর আগে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত সপ্তাহে তিন দিনের ওয়াশিংটন সফরের পর দেশটির পারমাণবিক অস্ত্রের নিরাপত্তার বিষয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানাল যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের ওই নথিতে বলা হয়, পাকিস্তান পারমাণবিক অস্ত্রের নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং এর কৌশলগত রপ্তানি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে। এতে আরও বলা হয়, পাকিস্তান রাসায়নিক অস্ত্র সনদ (সিডব্লিউসি) ও জীবাণু অস্ত্র সনদে স্বাক্ষরকারী দেশ। শুধু তাই নয়, পারমাণবিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বৈশ্বিক উদ্যোগেরও অংশীদার।
পাকিস্তান ১৯৯৮ সালে সফল পারমাণবিক পরীক্ষা চালানোর মাধ্যমে বিশ্বের পারমাণবিক শক্তিধর অল্প কয়েকটি দেশের তালিকায় স্থান করে নেয়। শুরু থেকেই দেশটির পারমাণবিক অস্ত্র, কৌশল ও প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল যুক্তরাষ্ট্র। মার্কিন আইনপ্রণেতা, গণমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠানের তরফ থেকে বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করে বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটতে থাকলে একসময় দেশটির পারমাণবিক অস্ত্র জঙ্গিদের হাতে চলে যেতে পারে।
পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের সময় বিভিন্ন ফোরামে নিজেদের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। তারপর যুক্তরাষ্ট্র সফর করলেন প্রধানমন্ত্রী নওয়াজ। এরপরই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা জোরদার হওয়ার বিষয়টি স্বীকার করে নিল ওয়াশিংটন। ডন।