পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বন্ধের পক্ষে নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ
নওয়াজ শরিফ

ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করার পক্ষে মত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এমন মতামত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

নওয়াজ বলেন, ‘দুই দেশ পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা করতে গিয়ে ব্যাপক সম্পদ অপচয় করেছি।’

আগামীকাল রোববার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে নওয়াজের বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের আগে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন নওয়াজ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মনমোহনের সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছেন তিনি। একই সঙ্গে নওয়াজ জানান, ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপনে আগ্রহী তিনি।

আলোচনার মাধ্যমে কাশ্মীরসহ দুই দেশের মধ্যে বিরাজমান সব সমস্যা সমাধানের ব্যাপারে মত দেন নওয়াজ।
জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ ছাড়া, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন নওয়াজ।