পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ লক্ষ্যে প্রমাণ করতে হবে ইরানকে: বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইরান ও পাশ্চাত্যের মধ্যে উত্তেজনা কমাতে ‘শান্তিপূর্ণ’ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, ইরান যে শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে, তেহরানকে তা অবশ্যই প্রমাণ করতে হবে।এদিকে লাতিন আমেরিকায় মার্কিনবিরোধী নেতাদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আজ রোববার ওই অঞ্চল সফর শুরু করছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মার্কিন হুমকি উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ‘বিশাল আকারে’ নৌ-মহড়ার পরিকল্পনা করেছে ইরান।ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি দেশটির ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া হরমুজ প্রণালি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হুমকি-ধমকি চলছে। এর মধ্যেই আজ রোববার পাঁচ দিনের লাতিন আমেরিকা সফর শুরু করছেন আহমাদিনেজাদ। আজ রাতে তাঁর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছার কথা। মার্কিন কট্টর সমালোচক বলে পরিচিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের সঙ্গে বৈঠক করবেন আহমাদিনেজাদ। আগামী মঙ্গলবার নিকারাগুয়ার পুনর্নির্বাচিত নেতা দানিয়েল ওর্তেগার অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর তিনি কিউবা ও ইকুয়েডর সফর করবেন। ঐতিহ্যগতভাবে এই দেশগুলো মার্কিনবিরোধী বলে পরিচিত।আহমাদিনেজাদের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরিচালক মোহাম্মদ রেজা ফোরকানি বলেন, বিশ্বজুড়ে ইরানের কূটনীতি কতটা গতিশীল, যুক্তরাষ্ট্রকে তা দেখাতে প্রেসিডেন্টের এই সফর। তিনি বলেন, প্রেসিডেন্টের এই সফর ইরানের শত্রুদের অভিযোগকে দুর্বল বলে প্রমাণ করবে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানায়, লাতিন আমেরিকা সফরে আহমাদিনেজাদ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।ইরানের সংবাদ সংস্থা ফার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালিতে বিশাল আকারে নৌ-মহড়ার পরিকল্পনা করছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আহমাদ ভাহিদির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এটা হবে অদূর ভবিষ্যতের মধ্যে হরমুজ প্রণালিতে অনুষ্ঠিত ‘সবচেয়ে বড় নৌযুদ্ধের মহড়া’। কয়েক দিন আগেই হরমুজ প্রণালিতে ১০ দিনের নৌ-মহড়া শেষ করেছে ইরান। সম্প্রতি হরমুজ প্রণালিতে মার্কিন কোনো বিমানবাহী জাহাজ না পাঠাতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দেয় ইরান। এএফপি।