পারমাণবিক চুল্লিমুক্ত হলো জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পারমাণবিক চুল্লিটি গত রোববার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আপাতত পরমাণুমুক্ত হলো জাপান। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অন্তত আগামী বছরের আগে জাপানে কোনো পারমাণবিক চুল্লি আবার চালু হওয়ার সম্ভাবনা নেই।
কানসাই ইলেকট্রিক পাওয়ার কোম্পানির এক কর্মকর্তা জানান, ফুকুইয়ের পশ্চিমে অবস্থিত তাদের ‘ওই’ পরমাণু প্ল্যান্টের ৪ নম্বর চুল্লিটির সুইচ স্থানীয় সময় রোববার দিবাগত রাত একটা ৩৩ মিনিটে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় কোনো সমস্যা হয়নি।
এর ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে পারমাণবিক উপায়ে বিদ্যুৎ উৎপাদন একেবারেই বন্ধ হয়ে গেল। ২০১১ সালের মার্চে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটিতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ হলো।
ফুকুশিমার ওই দুর্ঘটনার আগ পর্যন্ত জাপানের মোট চাহিদার এক-তৃতীয়াংশ আসত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। কিন্তু ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ফুকুশিমা কেন্দ্রে পারমাণবিক চুল্লির শীতলীকরণ-ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে জাপান। এর পর থেকে দেশটি ধীরে ধীরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে।
পারমাণবিক জ্বালানির ব্যবহার বাড়ানোর পক্ষে প্রধানমন্ত্রী শিনজো আবে। কিন্তু নিরাপত্তা হুমকির কারণে এ নিয়ে বিভক্ত জনগণ।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালুর পরিকল্পনার প্রতিবাদে গত রোববারও রাজধানী টোকিওতে বিক্ষোভ করেছে প্রায় আট হাজার মানুষ। আয়োজকেরা জানিয়েছে, আগামী মাসে রাজধানীতে বড় একটি সমাবেশ করা হবে।
গত রোববার বিক্ষোভে বক্তৃতা করেন সাহিত্যে নোবেলজয়ী কেনজাবুরো ওয়ে। তিনি বলেন, ‘চলুন, আমরা পরিবেশ সংরক্ষণ করি, যাতে আমাদের সন্তানেরা সুস্থভাবে বাঁচতে পারে।’
পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জাপানের নির্বাহী পরিচালক জুনিচি সাতো গত শুক্রবার বলেন, এখন দেশে কোনো চুল্লি সচল না থাকলেও বিদ্যুতের চাহিদা পূরণ হচ্ছে। এতে প্রমাণিত হয়, পারমাণবিক বিদ্যুতের প্রয়োজন নেই। এএফপি।