যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব পারমাণবিক নিরাপত্তা শীর্ষ সম্মেলন। সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ ৫০টি দেশের নেতাদের অংশগ্রহণের কথা রয়েছে। খবর ডনের।
এ শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে বিশ্বের স্বীকৃত ও স্বীকৃত নয়, এমন পরমাণু শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে কিছু সমঝোতার চেষ্টা চালাবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন।
ওয়াশিংটনে আগামী ১ এপ্রিল চতুর্থ ও নিজ শাসনামলের শেষ পারমাণবিক নিরাপত্তা শীর্ষ সম্মেলনটিতে (এনএসএস) সঞ্চালকের ভূমিকা রাখবেন প্রেসিডেন্ট ওবামা। ৫০টি দেশের নেতারা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের এ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
সানফ্রান্সিসকোতে এ সপ্তাহের শুরুতে ওই সম্মেলনের প্রস্তুতিমূলক এক সভায় অংশ নিয়েছে পাকিস্তান। সভায় পররাষ্ট্রসচিব আইজাজ চৌধুরী ও যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি দেশের নেতৃত্ব দেন।
পরমাণু শীর্ষ সম্মেলন হলেও সেখানে দক্ষিণ এশিয়ার চিরবৈরী প্রতিবেশী দুই দেশ পরমাণু শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা হতে পারে বলে আশা করা হচ্ছে। দেশ দুটির প্রধানমন্ত্রীরা বিদেশের মাটিতে মুখোমুখি হয়েছিলেন সর্বশেষ গত নভেম্বরে প্যারিসে জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে।