পারমাণবিক প্রকল্প নিয়ে তাইওয়ানের পার্লামেন্টে মারামারি
তাইওয়ানে একটি বিতর্কিত পারমাণবিক প্রকল্প নিয়ে পার্লামেন্টে আইনপ্রণেতাদের মধ্যে মারামারি হয়েছে। গত শুক্রবার ওই প্রকল্পের ভাগ্য নির্ধারণ নিয়ে বিতর্কের একপর্যায়ে এ ঘটনা ঘটে।
তাইওয়ানের রাজধানী তাইপের কাছে ‘নিউক ফোর’ নামে পরিচিত দ্বীপ দেশটির চতুর্থ পারমাণবিক স্থাপনাটির অবস্থান। এর ৯০ শতাংশ কাজই শেষ হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার সম্ভাব্য সময় ২০১৫ সাল। স্থাপনাটির নির্মাণকাজ চলবে না তা বন্ধ করা হবে—এ বিষয়ে গতকাল তাইওয়ানের পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু এমপিদের মারামারির পরিপ্রেক্ষিতে এটি বাতিল করে আগামী সপ্তাহে নেওয়া হয়েছে বলে বিরোধী দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) জানিয়েছে।
পার্লামেন্টে বিরোধী পক্ষের কয়েকজন বিতর্কের একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েকজন এমপি কাপ ও প্লাস্টিকের বোতল থেকে প্রতিপক্ষের দিকে পানি ছুড়ে মারেন। কেন্দ্রের বিপক্ষের অনেকে স্লোগান দেন ‘নিউক চার স্থাপনায় সমর্থন দেওয়া শিশুদের জন্য ক্ষতিকর’। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত চিত্রে দুজন এমপিকে ধস্তাধস্তি করে মাটিতে পড়ে যেতে দেখা যায়।
পার্লামেন্টে মারামারির ঘটনার সময় বাইরে অবস্থান নিয়ে শতাধিক পরিবেশবাদী পারমাণবিক শক্তিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দেন। তাইওয়ানের বিরোধী দল ডিপিপি জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এ যুক্তিতে পারমাণবিক স্থাপনা নির্মাণের বিরুদ্ধে। জাপানের ২০১১ সালের ফুকুশিমা পারমাণবিক স্থাপনায় দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে এ বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে। বিবিসি।