ইরান এখনো পর্যন্ত পারমাণবিক অস্ত্র (বোমা) তৈরির উপযোগী ইউরেনিয়াম উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারেনি। এর ফলে দেশটির পক্ষে এ বছর পারমাণবিক অস্ত্র তৈরির কাজ শুরু করা সম্ভব হবে না। গত বুধবার যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির (আইএসআইএস) এক খসড়া প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তবে প্রতিবেদনটি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।প্রতিবেদনটি তৈরিতে অর্থসহায়তা দিয়েছে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি) নামের একটি প্রতিষ্ঠান। এটি একটি স্বাধীন ও দলনিরপেক্ষ প্রতিষ্ঠান। ১৯৮৪ সালে মার্কিন কংগ্রেসের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের অর্থসহায়তায় এটি পরিচালিত হয়।আইএসআইএসের প্রতিবেদনে ইরানের পারমাণবিক কর্মসূচিকে অত্যন্ত সহনশীল দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরান এখন পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেয়নি। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে রণসজ্জার প্রস্তুতি নিলেও প্রতিবেদনটি বলছে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সামর্থ্য নেই। এমন এক সময়ে এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দাবি করছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতিসহ কঠোর অবরোধ আরোপের চেষ্টা চালাচ্ছে। ইরানকে একঘরে করে রাখার জন্য ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা ও অবরোধ মোকাবিলায় ইরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে, তারা হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের চলাচল বন্ধ করে দেবে। ওই পথেই ইউরোপ ও আমেরিকার তেলবাহী জাহাজ (মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা) চলাচল করে।প্রতিবেদনটিতে বলা হয়েছে ‘যদিও ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে মনে হতে পারে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে।’ প্রতিবেদনটি তৈরির সঙ্গে পারমাণবিক বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট যুক্ত ছিলেন। পারমাণবিক কর্মসূচিসংক্রান্ত গবেষণা ও বিশ্লেষণে অলব্রাইটের মতামতকে যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরান এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি। দেশটি বেসামরিক কাজে ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তবে ওই কর্মসূচিতে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ খোলা রেখেছে দেশটি।ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে না—এর আগে এ ধরনের মূল্যায়নে সব সময় আপত্তি জানিয়েছেন কিছু রক্ষণশীল ও ইসরায়েলের বিশ্লেষকেরা। ওই বিশ্লেষকদের যুক্তি ছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি যথেষ্ট পরিমাণে সংহত। দেশটি এক বছর বা তারও কম সময়ের মধ্যে পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম। রয়টার্স, এএফপি।