পারমাণবিক বোমা শ্রেষ্ঠত্ব এনে দেয় না: আহমাদিনেজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, পারমাণবিক বোমা শ্রেষ্ঠত্ব এনে দিতে পারে না। পারমাণবিক শক্তিধর দেশগুলো অন্যান্য দেশের চেয়ে মর্যাদায় উৎকৃষ্ট—এমনটি ভাবা ঠিক নয়। আঞ্চলিক বিষয়ে বৈদেশিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলেও তিনি ঘোষণা দেন।গতকাল শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের পর এক যৌথ সংবাদ সম্মেলনে আহমাদিনেজাদ এসব কথা বলেন। এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তাঁর সঙ্গে ছিলেন।জারদারির আমন্ত্রণে এই সম্মেলন হয়। এতে রাজনৈতিক সমাধানের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।সংবাদ সম্মেলনে আফগান প্রেসিডেন্ট কারজাই কথার চেয়ে কাজের দিকে মনোযোগী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তালেবানকে আলোচনার টেবিলে বসাতে ইসলামাবাদের সহযোগিতা চেয়েছে কাবুল। আফগানিস্তানের স্থিতিশীলতার বিষয়ে সহায়তা করার নামে দ্বৈত ভূমিকা পালনের কথা আবার অস্বীকার করেছেন জারদারি।সংবাদ সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের সঙ্গে তেহরানের মিত্রতা এমন এক সম্পর্কের নিদর্শন, পারমাণবিক বোমা বা অস্ত্রের কারণে গড়ে ওঠেনি। এই রাজনৈতিক ঘনিষ্ঠতার মূলে রয়েছে মানবকল্যাণ।পশ্চিমা দেশগুলোর প্রতি ইঙ্গিত করে আহমাদিনেজাদ মন্তব্য করেন, ‘সব সমস্যাই বাইরে থেকে আসছে। তাদের লক্ষ্য ও উচ্চাভিলাষ পূরণের স্বার্থেই তারা আমাদের মতো দেশগুলোর উন্নয়ন চায় না।’আহমাদিনেজাদ আরও বলেন, ‘তিন দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করার পদক্ষেপ শক্তিশালী করতেই আমরা এখানে মিলিত হয়েছি। কিছু দেশ রয়েছে, যারা আমাদের এই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তারা তাদের প্রভুত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠায় আমাদের অঞ্চলকে বেছে নিয়েছে। অন্যদের হস্তক্ষেপ করার সুযোগ করে দেওয়া আমাদের উচিত নয়।’পাকিস্তান বলেছে, চলতি মাসে আফগান শান্তি প্রক্রিয়ায় কাবুলের প্রতি সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত ইসলামাবাদ। জারদারি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দ্বৈত ভূমিকায় জড়িত থাকার অভিযোগ আমি নাকচ করছি।’ তবে ব্যক্তিগতভাবে কোনো পাকিস্তানি জড়িত থাকতেও পারে বলে তিনি মন্তব্য করেন।আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র উভয়ের সন্দেহ, আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান আন্তরিক নয়। এ নিয়ে সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্কে অনাস্থা বেড়েছে। কারজাই বলেন, তিন দেশের এই সম্মেলনের মাধ্যমে প্রকৃত সমস্যা ও সম্ভাবনা শনাক্ত করা গেছে। এখন নীতি ঠিক করা প্রয়োজন, যে নীতির ওপরে কাজ করা যায় এবং তা বাস্তবে প্রয়োগ করা যায়।হিনা রাব্বানির সতর্কতা: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার আফগানিস্তানকে সতর্ক করে বলেছেন, শান্তি আলোচনার জন্য ইসলামাবাদ তালেবান নেতা মোল্লা ওমরকে সোপর্দ করবে—এ ধরনের প্রত্যাশা করা ‘অসংগত’ হবে। গতকাল ত্রিদেশীয় সম্মেলনের পর তিনি বলেন, কাবুল ঠিক কী ধরনের সহায়তা ইসলামাবাদের কাছে প্রত্যাশা করে, তা আফগানিস্তান ব্যাখ্যা করেনি। এএফপি, রয়টার্স ও ডন।