পারমাণবিক সক্ষমতা দ্বিগুণ করেছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান সাম্প্রতিক সময়ের মধ্যে তার পারমাণবিক অস্ত্র নির্মাণক্ষমতা দ্বিগুণ করেছে বলে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার এ প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়, পশ্চিমা চাপ ও ইসরায়েলি হামলার হুমকি সত্ত্বেও তেহরান তার ফারদো পারমাণবিক স্থাপনার কর্মসূচি অব্যাহত রেখেছে।আইএইএর প্রতিবেদনে জানানো হয়, ইরান ২০১০ সালের তুলনায় বর্তমানে ১৮৯ কিলোগ্রাম উচ্চক্ষমতাসম্পন্ন ইউরেনিয়াম উৎপাদন করছে। বিভিন্ন মহলের চাপ সত্ত্বেও দেশটির পবিত্র নগর কোমের কাছে পাহাড় পরিবেষ্টিত ফারদো পারমাণবিক স্থাপনার কাজ চালিয়ে যাচ্ছে তেহরান। গত মে মাসে এখানে এক হাজার ৬৪ সংখ্যক সেন্ট্রিফিউজ থাকলেও বর্তমানে তা বেড়ে হয়েছে দুই হাজার ১৪০।প্রতিবেদনে পারচিন নামের আরেকটি সামরিক কমপ্লেক্সের কথাও উল্লেখ করা হয়। এতে একটি সন্দেহজনক সামরিক এলাকা ইরান নিশ্চিহ্ন করে জাতিসংঘের তদন্ত প্রয়াস বানচাল করে দিচ্ছে বলে অভিযোগ করা হয়। বলা হয়, সেখানে এখন বেশ কিছু ভবন ধ্বংস ও এলাকার মাটি সরিয়ে ফেলা হয়েছে। এসব দেখে ধারণা করা হচ্ছে, কোনো কিছু আড়াল করতেই তেহরান এসব করেছে। ধারণা করা হচ্ছে, এ এলাকাটি তেহরান পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার কাজে ব্যবহার করত।তবে পারচিন সামরিক ঘাঁটির বিষয়ে আইএইএর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি ইসনা বলেন, আণবিক শক্তি সংস্থার ওই অভিযোগের কোনো কারিগরি ভিত্তি নেই। এ ধরনের স্থাপনা সম্পর্কে বিশেষজ্ঞ এমন যে কেউ এটা জানেন যে পারমাণবিক এলাকা কেউ সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারে না। বরাবরের মতো ইরান এবারও জানিয়েছে, কোনো আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়, বিদ্যুৎ ও চিকিৎসা খাতের প্রয়োজন মেটাতেই ইরান তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।রুখতে পারবে না ইরানকে: ইরানে ইসরায়েলি হামলা হয়তো তেহরানের পারমাণবিক কার্যক্রমকে কিছুটা ধীর করে দেবে, তবে চিরতরে রুখতে পারবে না বলেই মত প্রকাশ করেছেন মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্টিন ডেম্পসে। শীর্ষস্থানীয় এ সেনা কর্মকর্তা লন্ডনে গত বৃহস্পতিবার মন্তব্যটি করেন। সেখানে প্যারা অলিম্পিকে অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল মার্টিন বলেন, ‘ইসরায়েল যদি ইরানে বোমা হামলা চালাতে চায়, তবে আমি সেই সিদ্ধান্ত সমর্থন করব না। তিনি আরও বলেন, তিনি তেহরানের পারমাণবিক কার্যক্রমের উদ্দেশ্য কী তা জানেন না।’ গোয়েন্দারাও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। কিন্তু এটা পরিষ্কার যে আন্তর্জাতিক জোট ইরানের ওপর চাপ সৃষ্টি করে যেদিকে আগাচ্ছে, হামলা হলে তা ভেস্তে যাবে। রয়টার্স, এএফপি ও দ্য গার্ডিয়ান।