পারমাণবিক সক্ষমতা বাড়িয়েছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা আরও বেড়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল বুধবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, নাতাজ পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে এক হাজারেরও বেশি অত্যাধুনিক চুল্লি চালু করেছে ইরান। ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে আইএইএর সঙ্গে আগামী ২৭ সেপ্টেম্বর নতুন করে আরেক দফা আলোচনায় বসছে।

মধ্যপন্থী নেতা হাসান রুহানি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর এই প্রথম এ ধরনের আলোচনা হচ্ছে। আলোচনার আগে আইএইএর কাছ থেকে ওই প্রতিবেদন এল।

আইএইএ তাদের ত্রৈমাসিক প্রতিবেদনে জানায়, সবচেয়ে সংবেদনশীল পারমাণবিক উপাদান ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার কাজ ততটা এগোয়নি। তবে নাতাজ পারমাণবিক কেন্দ্রে এক হাজার আটটি অত্যাধুনিক চুল্লি চালু করা হয়েছে। গত মে মাসে সেখানে পারমাণবিক চুল্লির সংখ্যা ছিল প্রায় ৭০০টি।

এক দশক ধরে ইরানের পরমাণু কর্মসূচি পশ্চিমা বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে আছে। ইরান দাবি করছে, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ। পশ্চিমাদের অভিযোগ, পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে ইরান।

নতুন প্রেসিডেন্ট হাসান রুহানি নির্বাচনী প্রচারণায় অঙ্গীকার করেন, তিনি এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখবেন এবং আইএইএ ও পরাশক্তিগুলোর সঙ্গে সমঝোতা করবেন। সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদের সময়ে ইরানের সঙ্গে আইএইএর সম্পর্কের অবনতি ঘটে।