পারমাণবিক হামলার হুমকি উত্তর কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র বা যেকোনো দেশের ইন্ধনে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ শুরু হলে উত্তর কোরিয়াই আগে হামলা চালাবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে। এদিকে উত্তর কোরিয়ার তৃতীয় দফা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। উত্তর কোরিয়ার মিত্র চীনসহ সবাই এই প্রস্তাবে ভোট দেয়। এর আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধ বাধাতে চাইছে। সে ক্ষেত্রে পিয়ংইয়ং আগেই তাদের ওপর হামলা করার অধিকার রাখে। এদিকে উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল ভোটাভুটি হয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক লড়াই শুরুর চেষ্টা করলে, আগ্রাসীদের সদর দপ্তরের বিরুদ্ধে সমুচিত জবাব দেবে উত্তর কোরিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী। এভাবেই নিজেদের সর্বোচ্চ স্বার্থ সুরক্ষিত করবে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন রাষ্ট্র উত্তর কোরিয়ার অভিযোগ, তাদের ওপর হামলা করাই দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক কার্যক্রমের লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ আরোপের জন্য জাতিসংঘকে প্ররোচিত করে, তাহলে পিয়ংইয়ং আরও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে। এদিকে উত্তর কোরিয়ার বর্তমান অবস্থানে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তিতে ৬০ বছর মেয়াদি অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে বলে উত্তর কোরিয়া সম্প্রতি যে ঘোষণা দিয়েছে, তাতে সমুদ্র উপদ্বীপ অঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় উত্তর কোরিয়ার একটি নতুন দূতাবাস চালুর উদ্যোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া গত ১২ ডিসেম্বর তৃতীয়বারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় এবং তাদের অস্ত্রভান্ডার আরও সমৃদ্ধ হয়েছে বলে ঘোষণা দেয়। জবাবে নিরাপত্তা পরিষদ গতকাল দেশটির ওপর নতুন করে নিষেধজ্ঞা আরোপ করেছে। উত্তর কোরিয়ার মিত্র চীনসহ সবাই এই প্রস্তাবে ভোট দেয়। সামরিক মহড়া: দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী গত বুধবার জানায়, উত্তর কোরিয়ার সেনা, নৌ ও বিমানবাহিনী সামরিক মহড়া শুরু করেছে এবং আরও মহড়ার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া। কারণ, এ ধরনের মহড়া থেকে যেকোনো সময় উসকানি দেওয়া হতে পারে।দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক বাহিনীর যৌথ উদ্যোগে বর্তমানে কোরীয় উপদ্বীপ এলাকায় বার্ষিক সামরিক মহড়া চলছে। রয়টার্স, এএফপি ও বিবিসি।