পারমাণবিককেন্দ্র নির্মাণে ইরান-রাশিয়া চুক্তি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান ও রাশিয়া অন্তত আরও দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলে উপসাগরের তীরবর্তী এলাকায় এ দুটি কেন্দ্র নির্মাণ করা হবে৷ খবর এএফপির৷
এমন একসময়ে এই খবর এল যখন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি করপোরেশনের (রোজাটম) উপপ্রধান নিকোলাই স্পাসকি দুই দিনের সফরে তেহরানে অবস্থান করছেন৷ সফরকালে তিনি ইরানের জ্যেষ্ঠ পরমাণু কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন৷
ইরানের অন্যতম শীর্ষ বার্তা সংস্থা ইসনার খবরে বলা হয়, দেশটির আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরৌজ কামালভান্দি বলেন, কয়েক মাস ধরে বিষয়টি আলোচনা হয়েছে। চলতি সপ্তাহেই এ নিয়ে চুক্তি স্বাক্ষর হবে৷ একটি অন্তর্বর্তী চুক্তির আওতায় রাশিয়া ইরানে এক হাজার মেগাওয়াট উৎপাদনক্ষম নতুন দুটি কেন্দ্র তৈরি করবে৷ দক্ষিণাঞ্চলের উপসাগরীয় শহর বুশেহরে এই কেন্দ্র নির্মিত হবে৷ ইরানের বর্তমানে চালু থাকা পারমাণবিককেন্দ্রগুলো এই শহরেই অবস্থিত৷
তেল-সমৃদ্ধ ইরান বলে আসছে, তারা ২০ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন অন্তত ২০টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালাতে চায়৷ এতে করে তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে আা সম্ভব হবে৷
২০১১ সালে চালু হওয়া বুশেহর পারমাণবিক কেন্দ্র নিয়ে আন্তর্জাতিক কোনো উদ্বেগ নেই৷ এটি রাশিয়ার দেওয়া জ্বালানিতে চলে৷ তবে ইরানের অন্যান্য বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ রয়েছে৷ তেহরানের সঙ্গে চলমান সংলাপে পশ্চিমা দেশগুলো এই নিশ্চয়তা চায়, ইরানের সব পারমাণবিক কর্মসূচি যেন বেসামরিক উদ্দেশে পরিচালিত হয় এবং কোনোভাবেই যেন দেশটি পরমাণু বোমা তৈরি না করতে পারে৷