পারলৌকিক ক্রিয়া না করায় সমাজচ্যুত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের ভক্তিপুর গ্রামে একটি পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। পরিবারের সদস্যদের বাড়িতে আটকে রাখা হয়েছে, দেওয়া হচ্ছে না চিকিত্সার সুযোগ।
ওই পরিবারের বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের পরিবারের এক বৃদ্ধার মৃত্যুর পর শেষকৃত্য করলেও কোনো পারলৌকিক ক্রিয়া করেনি। এ কারণে তাদের সমাজচ্যুত করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে ওই বাড়িতে অন্যদের প্রবেশাধিকার। ধান ঝাড়তে বাধা দেওয়া হয়েছে।
গত ২৫ ডিসেম্বর ভক্তিপুর গ্রামের নরোত্তম মণ্ডলের মা মারা যান। মায়ের শেষকৃত্য করলেও কোনো পারলৌকিক কাজ করেননি ছেলে নরোত্তম মণ্ডল। এ ঘটনায় খেপে যায় গ্রামবাসী। সভা করে তারা একঘরে করে দেয় মণ্ডলপরিবারকে। এ খবর সংগ্রহ করতে গেলে সংবাদমাধ্যমকেও বাধা দেওয়া হয়। গতকাল রোববার কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।