পার্কের নিচে প্রাচীন বাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইওরি পার্কে খননকাজ চলছে
প্রাইওরি পার্কে খননকাজ চলছে

ইংল্যান্ডের চিচেস্টার শহরের একটি পার্কের মাটির নিচে পাওয়া গেছে তিনটি বিশাল ও পুরোনো বাড়ির সন্ধান। আদলে সেগুলো প্রাচীন রোমান বাড়ির মতো। ধারণা করা হচ্ছে, প্রায় ২০০০ বছর আগে সেগুলো নির্মিত। কাঠামোগুলো এখনো অবিকৃত।
৪৩ খ্রিষ্টাব্দে রোমানরা তখনকার ব্রিটেন দখল করে উত্তর-পূর্ব ইংল্যান্ডের কোলচেস্টারে তাদের প্রাদেশিক রাজধানী করে। ক্রমশ দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের সাসেক্সসহ আশপাশের বিভিন্ন এলাকায় তাদের অবস্থান দৃঢ় হয়। যুক্তরাজ্যে তাই অনেক প্রাচীন রোমান নিদর্শনই পাওয়া যায়।
সাসেক্স কাউন্টিতে রোমান আমলে নির্মিত সড়কগুলো চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল ভূবিদ্যা বিশেষজ্ঞ ডেভিড স্টাভিলকে। তিনি সেখানকার বিভিন্ন এলাকার মাটি স্ক্যান করেন। এ কাউন্টির পশ্চিম দিকেই চিচেস্টারের অবস্থান।
চিচেস্টার শহরের প্রত্নতত্ত্ববিদ জেমস কেনি বলেন, চিচেস্টারে ভূগর্ভের বস্তু শনাক্ত করার জন্য রাডার ব্যবহার করা হয়। সেখানকার প্রাইওরি পার্কে মাটির মাত্র পৌনে ২ মিটার গভীরেই প্রাচীন ওই বাড়িগুলোর অবস্থান ধরা পড়ে। জেমস কেনি বলেন, এখন সেখানে খননকাজ চলছে। তা শেষ হলে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। তবে এ মুহূর্তে মনে হচ্ছে, এগুলো রোমান স্থাপত্য শিল্পেরই ভালো নিদর্শন হবে। প্রাথমিক খননে মোজাইক করা মেঝে এবং শক্তপোক্ত কাঠামোর অস্তিত্ব পাওয়া গেছে।
প্রত্নতত্ত্ববিদ কেনি বলেন, এখানে প্রাচীন রোমানরা বাস করত বলে তাদের বাড়ি পাওয়াটা ঠিক অবাক করার মতো ঘটনা নয়। কিন্তু ১৮৮০ সাল পর্যন্ত চিচেস্টারে কোনো ধরনের আধুনিক পয়ঃপ্রণালি করা হয়নি। বাসিন্দারা নিজেদের মতো করে খোঁড়াখুঁড়ি করেছে। ফলে অনেক প্রাচীন নিদর্শন নষ্ট হয়ে গেছে বলে আশঙ্কা করা হয়। তবে চিচেস্টারের প্রাইওরি পার্কে আগে কখনো বড় ধরনের নির্মাণকাজ হয়নি। ফলে মাটির নিচের রোমান বাড়িগুলো অক্ষত আছে। বাড়ির অবস্থান দেখে মনে হচ্ছে সেগুলো মূল সড়কের পাশেই ছিল। তবে কালক্রমে সড়কের চিহ্ন মুছে গেছে। এটি সম্ভবত রোমান শাসনামলে কোনো অভিজাত এলাকা ছিল।
রোমানদের আগে চিচেস্টার ছিল দুর্গনগর। পরে সেখানে বেসামরিক লোকদের বসবাসের জন্য শহর হয়।