পার্লামেন্ট পরিদর্শন করলেন সু চি, দলের নিবন্ধন সম্পন্ন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল শুক্রবার প্রথমবারের মতো দেশটির পার্লামেন্ট পরিদর্শন করেছেন। একই দিনে তাঁর নেতৃত্বাধীন দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনএলডি) নিবন্ধন সম্পন্ন হয়েছে।দেশের মূলধারার রাজনীতিতে প্রবেশের জন্য বর্তমানে প্রস্তুত হচ্ছেন সু চি। রাজধানী নেপিডো সফরে সু চি পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার শোয়ে মানের সঙ্গে সাক্ষাৎ করেন। দেশটির সাবেক সামরিক জান্তার তৃতীয় শীর্ষ ব্যক্তি শোয়ে মান বলেন, ‘সু চির সঙ্গে সাক্ষাতে আমি আনন্দিত। একতাই শক্তি। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’এর আগে এনএলডির নিবন্ধনের জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনে যান সু চি। আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভের জন্য এনএলডিকে অন্তত এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। মূলধারার রাজনীতিতে প্রবেশের জন্য দলটিকে সবুজ সংকেত দেয় কর্তৃপক্ষ। এর ফলে পার্লামেন্ট নির্বাচনে সু চির প্রতিদ্বন্দ্বিতার পথও উন্মুক্ত হয়েছে।এদিকে, পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার খিন অং মিন্টও গতকাল নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এই সাক্ষাৎকে ‘শুভ’ মন্তব্য করে বলেন, ‘আমরা অনেক আগেই এমনটা চেয়েছিলাম।’মিয়ানমারে গত বছর নভেম্বরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচন বর্জন করে এনএলডি। এতে দলটির নিবন্ধন বাতিল করে তৎকালীন সামরিক জান্তা। নির্বাচনের কয়েক দিন পরই সু চিকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হয়। প্রায় দুই দশক অন্তরীণ থাকা ৬৬ বছর বয়সী নেত্রী সু চি এখন পার্লামেন্টের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করছেন। আগামী বছর অনুষ্ঠিতব্য ওই নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।বর্তমান বেসামরিক সরকার গত মার্চে ক্ষমতা গ্রহণের পর থেকে সংস্কারমূলক বেশ কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিপুলসংখ্যক রাজবন্দীর মুক্তি, বিতর্কিত একটি বাঁধ প্রকল্প বাতিলকরণ এবং সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর সঙ্গে শান্তি আলোচনা। বিরোধী দল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই সরকার এ ধরনের নমনীয়তা দেখাচ্ছে বলে ধারণা করা হয়। এএফপি।