পার্লামেন্ট ভেঙে ভোটের মাঠে ব্রিটিশ রাজনীতিকেরা
সাধারণ নির্বাচন সামনে রেখে মূল প্রচারণা পর্ব শুরু করেছে যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলো। গতকাল সোমবার চলতি পার্লামেন্টের বিলুপ্তি ঘোষণার পর নিজ নিজ নির্বাচনী আসনে মূল পর্বের প্রচারণায় নেমে পড়েছেন দলীয় নেতারা। মাঠপর্যায়ের জরিপগুলোতে রাজনৈতিক দলগুলোর অবস্থান এতটাই হাড্ডাহাড্ডি যে, বলা হচ্ছে ৭ মে অনুষ্ঠিত হবে দেশটিতে স্মরণকালের সবচেয়ে কঠিনতম ভোটের লড়াই।
২০১০ সালের মতো এবারও ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের প্রচারণায় অভিবাসন, অর্থনীতি এবং জাতীয় স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো বেশি আলোচিত হচ্ছে। তবে রাজনৈতিক দলগুলো সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক কী হবে, সেই প্রশ্নে। কারণ, ইইউভুক্ত দেশের নাগরিকদের অবাধ প্রবেশাধিকারের কারণে ডেভিড ক্যামেরনের সরকার অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি পূরণে চরমভাবে ব্যর্থ। এ ছাড়া রাষ্ট্রীয় ঋণ মোকাবিলার নামে ব্যাপক হারে কল্যাণ ব্যয় হ্রাসের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। ফলে কনজারভেটিভ পার্টির প্রতি ভোটারদের যেমন আস্থাহীনতা তৈরি হয়েছে, তেমনি বিরোধী দল লেবার পার্টি যে তাদের আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে, সে বিষয়েও নিশ্চিত হতে পারছেন না অনেকে।
ভোটারদের এমন অনিশ্চয়তা স্পষ্ট হয়েছে নির্বাচনী জনমত যাচাইয়ে। ২০১০ সালের নির্বাচন নিয়ে মোট ৭৫টি জরিপের ফলাফল প্রকাশিত হয়েছিল। ওই সব জরিপে দ্বিধাগ্রস্ত ভোটারদের সংখ্যা ছিল প্রায় ১২ শতাংশ। কিন্তু এবারের নির্বাচন নিয়ে এরই মধ্যে শতাধিক জরিপ ফলাফল প্রকাশিত হয়েছে; যেখানে দ্বিধাগ্রস্ত ভোটারের সংখ্যা প্রায় ২৬ শতাংশ। ফলে ৭ মে নির্বাচনে কোন দল কত আসন পাবে, সেই প্রশ্নে পূর্বাভাস দিতে গিয়ে খোদ জরিপকারীই মনে হচ্ছে দ্বিধাগ্রস্ত। তবে মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২৫টি আসন এককভাবে কোনো দল পাবে না বলে মনে করে তারা।
ইউরাপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের অবস্থান প্রশ্নে ২০১৭ সালে গণভোটের আয়োজন করবেন বলে প্রতিশ্রতি দিয়ে গতকাল কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন বলেন, এবারের নির্বাচনে ভোটারদের কঠিন পছন্দের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকবে হবে। অন্যদিকে লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড বলেন, ইইউ ছাড়লে শুধু যুক্তরাজ্যের অর্থনীতি নয়; বিশ্বদরবারে যুক্তরাজ্যের প্রভাবও বিপর্যয়ের শিকার হবে।