পার্লামেন্ট সদস্য হতে যাচ্ছেন বিলাওয়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলাওয়াল ভুট্টো জারদারি
বিলাওয়াল ভুট্টো জারদারি

পার্লামেন্ট সদস্য হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। জাতীয় পরিষদের ২০৪ নম্বর আসনের সদস্য পিপিপির আয়াজ সুমরো পদত্যাগপত্র জমা দেওয়ার পর গণমাধ্যম গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছে।

সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়ালকে সুযোগ করে দিতে আয়াজ সুমরো এ পদক্ষেপ নিয়েছেন। আয়াজ তাঁর পদত্যাগপত্র সিন্ধু প্রদেশের দলীয় নেতাদের কাছে জমা দিয়েছেন। জাতীয় পরিষদের এ শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছেন বিলাওয়াল।  

চলতি বছরের ২১ সেপ্টেম্বর ২৫ বছরে পা দেওয়ায় বিলাওয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আইনি যোগ্যতা অর্জন করেছেন। পিপিপির সিনেটর ফারহাতুল্লাহ বাবর গত মঙ্গলবার বলেছিলেন, বিলাওয়াল ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে পড়াশোনা করতে চান বলে এ সরকারের আমলে কোনো উপনির্বাচনে অংশ নেবেন না। ডন।