পার্লামেন্টে অপরাধীদের স্থান নেই: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পার্লামেন্টে অপরাধীদের কোনো স্থান হবে না। গতকাল বুধবার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
একই সঙ্গে পার্লামেন্ট সদস্যদের (এমপি) বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা এক বছরের মধ্যে শেষ করতে সুপ্রিম কোর্টকে অনুরোধ জানাতে আইনপ্রণেতাদের সমর্থন চেয়েছেন মোদি। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
পার্লামেন্টে রাষ্ট্রপতির ভাষণের ওপর বিতর্কে জবাব দেওয়ার সময় মোদি বলেন, অপরাধীরা শাস্তি পেলে কি তা ভালো নয়? তাহলে প্রতিবার হলফনামা দেওয়ার সময় এমন কিছু বেসরকারি সংস্থার নাম আসবে না, যাদের বিরুদ্ধে অপরাধবিষয়ক তদন্ত ঝুলে আছে।
মন্ত্রী বলেন, এফআইআর হলো আইনপ্রণেতাদের ওপর ঝুলে থাকা তলোয়ার। যখন কোনো এনজিও আইনপ্রণেতাদের বিরুদ্ধে কোনো মামলা বিষয় ফাঁস করে, তখন এটা আইনপ্রণেতাদের অস্বস্তিতে ভোগায়।
প্রধানমন্ত্রী বলেন, দ্রুত বিচারের ভালো দিক আছে। তিনি বলেন, দলগুলো যখন দেখবে আসনগুলো খালি হতে যাচ্ছে, তখনই তারা বার্তা পাবে যে...এভাবে আগামী পাঁচ বছরে পার্লামেন্ট কলঙ্কমুক্ত হবে। বিধানসভা ও পৌরসভাগুলোতেও এই পরীক্ষা চালানো যেতে পারে।
পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণেই মোদি দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ‘দুর্নীতিবাজকে কীভাবে শাস্তি দিতে হবে, এ নিয়ে আমাদের অনেক কথা হয়। কিন্তু গোড়াতেই এই দুর্নীতিকে দমন করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’