পার্লামেন্টে কাজ করা সহজ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্লামেন্টে চলতে হয় সমঝোতা করে। সেটাই হলো গণতন্ত্র। অনেক অপছন্দের বিষয়ও গণতন্ত্রের স্বার্থে মেনে নিতে হয়। তাই পার্লামেন্টে কাজ করাটা সহজ নয়। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির উদ্দেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন এসব কথা।মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রধান কার্যালয়ে গত সোমবার সু চির ওপর নির্মিত চলচ্চিত্র দ্য লেডির প্রিমিয়ার শোতে হিলারি ক্লিনটন এসব কথা বলেন। হিলারি ক্লিনটন বলেন, টেলিফোনে কথা বলার সময় তিনি সু চিকে বলেছেন যে তিনি (সু চি) এখন রাজনৈতিক আদর্শের জায়গা থেকে বাস্তবতার দিকে যাচ্ছেন। এটা খুব কঠিন। টেলিফোনের ওই আলাপে হিলারি সু চিকে বলেন, এখন তাঁকে এমন সব ব্যক্তির সঙ্গে কাজ করতে হবে, যাঁদের তিনি অপছন্দ করেন। তবে এসবই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।এর আগে গত ডিসেম্বর মাসে হিলারি প্রথম সু চির সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি সু চিকে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া ও মিয়ানমারের অবস্থা উন্নত করার আশ্বাস দেন।১ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী সু চি পার্লামেন্টে একটি আসনে জয়ী হন। পশ্চিমা বিশ্ব মিয়ানমারের নির্বাচনকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা হিসেবে অভিহিত করেছে। এর আগে ১৯৯০ সালে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। তবে জান্তা সরকার ওই নির্বাচনের ফলাফল মেনে নেয়নি।