পার্লামেন্টে ঘুমাচ্ছিলেন তিনি
আফগানিস্তানে তালেবান হামলায় দুই ব্রিটিশ সেনার মৃত্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল ব্রিটিশ পার্লামেন্টে। আর সে সময় দিব্যি ঘুমিয়ে কাটাচ্ছিলেন সাংসদ স্টিফেন পাউন্ড। গত সোমবার দুপুরে এহেন আচরণের জন্য লেবার পার্টির এই সদস্যের বিরুদ্ধে সংবেদনহীনতার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্রিটিশরা।গত শনিবার আফগানিস্তানে তালেবান হামলায় নিহত হয়েছিলেন দুজন ব্রিটিশ সেনা। এ বিষয়ে গুরুগম্ভীর আলোচনার সময় সোমবার দুপুরে দিব্যি ঘুমিয়ে সময় কাটাচ্ছিলেন লেবার পার্টির সাংসদ স্টিফেন পাউন্ড। এ সময় দেখা যায়, ঘুমে একবার ডান দিকে ঢুলে পড়েন নর্দান আয়ারল্যান্ডের এই ছায়া মন্ত্রী। পরক্ষণেই আবার বসেন সোজা হয়ে। কিন্তু তাঁর চোখ বন্ধ ছিল। এ ঘটনার পুনরাবৃত্তি হয় আরও দু-একবার। পার্লামেন্টে বসে ব্রিটিশ সেনা নিহত হওয়ার আলোচনার সময় এই ঘুমের ঘটনা তীব্র ক্ষোভ তৈরি করেছে ব্রিটিশ নাগরিকদের মনে। ডেইলি মেইল।