পার্লামেন্টে ছয় মাসের জন্য নিষিদ্ধ হলেন আনোয়ার ইব্রাহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার বিরোধী দলের নেতা আনোয়ার ইব্রাহিমকে ছয় মাসের জন্য দেশটির পার্লামেন্টে নিষিদ্ধ করা হয়েছে। পার্লামেন্টের আচরণবিধি ভঙ্গ করার দায়ে গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী ইব্রাহিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রতিবাদে তাঁর সমর্থকেরা রাস্তায় বিক্ষোভ করেন। শাস্তি আরোপের জন্য ভোটগ্রহণ শুরুর আগে পার্লামেন্ট থেকে ওয়াক আউট করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ‘এখন আমাদের একটাই পথ খোলা আছে, সেটি হলো সরকার ও বর্তমান ব্যবস্থার পরিবর্তনের জন্য আন্দোলন করা।’ এই শাস্তির কারণে আনোয়ার ইব্রাহিম আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না, বিষয়টি এমন নয়। তবে এর ফলে তাঁর দলের প্রতি জনগণের আস্থা কমে যাবে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। রয়টার্স।