পার্লামেন্টে জিতে সংস্কারের অঙ্গীকার ওলাঁদের দলের
ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে বিপুল জয়ের ফলে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবার ইউরোপের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়ার সুযোগ পাবেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মানুয়েল ভলস গতকাল সোমবার বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বিলম্ব করবে না। মানুয়েল ভলস বলেন, ‘আমরা দেশের অর্থনীতি বদলে দিতে চাই। ২০১৭ সালের মধ্যে ভারসাম্যপূর্ণ একটি বাজেট অর্জন নিশ্চিত করতে চাই। একই সঙ্গে প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, নিরাপত্তা ও করব্যবস্থায় অগ্রাধিকার দিতে চাই। ইউরোপীয় অংশীদারদের আমরা বোঝাতে চাই, অতিমাত্রায় ব্যয়সংকোচন কোনো সুফল বয়ে আনবে না। এতে বরং জনসাধারণ ও রাজনীতিবিদদের সম্পর্কে ফাটল দেখা দেবে।’ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় গত রোববার ভোট নেওয়া হয়। এতে ওলাঁদের নেতৃত্বাধীন সমাজতন্ত্রী দল জয়ী হয়। পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে দলটি ব্যাংক ও জ্বালানিপ্রতিষ্ঠানসহ বড় করপোরেশনের কর বাড়ানোর উদ্যোগ নেবে। দলটির নির্বাচনী প্রতিশ্রুতিতে এ ধরনের পদক্ষেপের কথা বলা হয়েছিল।নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সমাজতন্ত্রী দল ও সমমনা অন্যান্য দল ৩০৭ আসনে জয়ী হয়েছে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের ২৮৯ আসন প্রয়োজন ছিল। চূড়ান্ত ফলাফলে সমাজতন্ত্রীদের ৩২০ আসন অর্জনের সম্ভাবনা রয়েছে।পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আগে থেকেই সমাজতন্ত্রীদের নিয়ন্ত্রণ রয়েছে। ফলে ব্যয়সংকোচনবিরোধী নীতি বাস্তবায়নের জন্য তাদের আর রক্ষণশীল বিরোধী দলের ওপর নির্ভর করতে হবে না।এদিকে সরকারের একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী জ্যাঁ-মাখক অ্যাহু আগামী বৃহস্পতিবারের মধ্যে দেশের স্থায়ী মন্ত্রিসভা ঘোষণা করতে পারেন। বর্তমানে প্রেসিডেন্ট ওলাঁদের নামে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। রয়টার্স।