পার্লামেন্টে প্রশ্নবাণে জেরবার আহমাদিনেজাদ
ইরানে অর্থনীতিকে দুরবস্থার দিকে ঠেলে দেওয়া এবং দেশের শীর্ষ ধর্মীয় নেতৃত্বকে অবজ্ঞা করাসহ বিভিন্ন অভিযোগে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গতকাল বুধবার প্রশ্নবাণে জেরবার করেছেন পার্লামেন্টের সদস্যরা।ইরানের ইতিহাসে আহমাদিনেজাদই প্রথম প্রেসিডেন্ট, যাঁকে পার্লামেন্টে তলব করে জেরা করা হলো। দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টকে প্রশ্ন করার অধিকার পার্লামেন্ট সদস্যদের আছে। প্রেসিডেন্টের জবাবে তাঁরা সন্তুষ্ট না হলে তাঁকে অভিশংসনের উদ্যোগও নিতে পারেন এমপিরা।প্রেসিডেন্ট আহমাদিনেজাদের গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত নতুন করে পর্যালোচনা করে দেখার জন্য কয়েকজন পার্লামেন্ট সদস্য বেশ কিছু দিন আগে আবেদন করেন। এরই ধারাবাহিকতায় গতকাল পার্লামেন্টে আহমাদিনেজাদকে তাঁর কাজ নিয়ে জবাবদিহি করতে হলো। যে কট্টরপন্থীরা তাঁকে ক্ষমতায় এনেছিলেন, কয়েক মাস ধরে তাঁরাই তাঁকে ক্রমাগত চাপের মুখে রেখেছেন।প্রেসিডেন্টের অন্যতম বিরোধী রক্ষণশীল দলের আইনপ্রণেতা আলি মোতাহারি পার্লামেন্টে আহমাদিনেজাদকে ১০টি প্রশ্ন করেন। গতকালের পার্লামেন্ট অধিবেশন সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় বেতার।আলি মোতাহারির অনেকগুলো প্রশ্নের লক্ষ্য, দেশের আধ্যাত্মিক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিদ্ধান্ত প্রেসিডেন্ট আহমাদিনেজাদের গড়িমসি নিয়ে। দেশের যেকোনো ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার অধিকার খামেনির আছে। তিনি গোয়েন্দাপ্রধান হায়দার মোসলেহিকে পুনর্বহালের নির্দেশ দিলেও তা কার্যকর করতে ১১ দিন সময় নেন প্রেসিডেন্ট। গত বছরের এপ্রিলে গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করেছিলেন আহমাদিনেজাদ।তবে আহমাদিনেজাদ পার্লামেন্টে বলেন, তিনি কখনোই খামেনির কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেননি।এ ছাড়া, সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্য খুব বেড়ে যাওয়া এবং তেহরানের পাতালপথের জন্য অর্থ বরাদ্দে ব্যর্থতার অভিযোগ নিয়েও আহমাদিনেজাদকে প্রশ্নের মুখে পড়তে হয়। গতকাল তিনি পার্লামেন্টে গিয়েছিলেন মন্ত্রিসভার আট জ্যেষ্ঠ সদস্যকে সঙ্গে নিয়ে।জ্বালানি এবং খাদ্য খাতে ভর্তুকি কমিয়ে সরকারি ব্যয় হ্রাসের নীতি দ্রুততর করার অভিযোগ তোলা হয় প্রেসিডেন্টের বিরুদ্ধে।তবে এসব প্রশ্নের জবাবে আহমাদিনেজাদ বলেন, এর আগে যেকোনো সরকারের চেয়ে তাঁর সরকার নগর পরিষদগুলোকে বেশি অর্থ বরাদ্দ দিচ্ছে। আর ভর্তুকি কাটছাঁটের কারণে দ্রব্যমূল্য বেড়ে গেলেও এ নিয়ে করার কিছু নেই।এ ছাড়া নিজের অন্যতম শীর্ষ সহযোগী এসফান্দিয়ার রহিম মাসেহিকে নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় আমহাদিনেজাদকে। কট্টরপন্থীদের অভিযোগ, মাসেহি দেশের ইসলামি নীতি ও ইসলামি ব্যবস্থাকে খাটো করার চেষ্টা করছেন। কোনো কোনো সমালোচক এমন কথাও বলেন যে মাসেহি প্রেসিডেন্টকে জাদু করেছেন—এ জন্য তিনি তাঁকে ছাড়তে পারেন না।তবে বেশির ভাগ প্রশ্নে সরাসরি কোনো জবাব দেননি প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। তিনি বলেন, তিনি যা করছেন সে জন্য তাঁর কোনো অনুতাপ নেই, বরং তিনি দেশের ইতিহাসকে রক্ষার চেষ্টা করছেন।সবশেষে তিনি যে কথা বলেন, তা নিয়ে শুরু হয়ে যায় হইচই। আহমাদিনেজাদ বলেন, ‘এখানে কঠিন কোনো কুইজ প্রতিযোগিতা হচ্ছে যেন। যাঁরা আমাকে প্রশ্ন করছেন, তাঁদের বেশির ভাগই একটি বোতাম টিপে স্নাতকোত্তর পাস করে এসেছেন। আপনারা যদি আমাদের সঙ্গে একটু পরামর্শ করে নিতেন, তাহলে হয়তো আরও ভালো কোনো প্রশ্ন করতে পারতেন।’পরে আহমাদিনেজাদ দাবি করেন, এই কুইজ প্রতিযোগিতায় তিনিই সবচেয়ে বেশি নম্বর পাবেন। তিনি বলেন, ‘ন্যায্যভাবে, আমাকে ভালো নম্বর দেবেন। ২০ (সবচেয়ে ভালো)-এর কম নম্বর দিলে আমার প্রতি অবিচার করা হবে।’ এপি।