পার্লামেন্টে ভাষণ দিতে পারেননি মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের নতুন অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদলীয় এমপিদের প্রবল প্রতিরোধের মুখে পড়েন। এর ফলে এমপিদের উদ্দেশে নির্ধারিত ভাষণটি দিতে পারেননি প্রেসিডেন্ট ওয়াহিদ।পদত্যাগী প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সমর্থকেরা গতকাল পার্লামেন্টের ভেতরে ও বাইরে ব্যাপক বিক্ষোভ করেন। বিরোধীদলীয় এমপিরা বিক্ষোভের সময় প্ল্যাকার্ড বহন করেন। এতে লেখা ছিল, ‘ওয়াহিদ বিশ্বাসঘাতক’।এমপিরা ভবনের ভেতরে পার্লামেন্টের স্পিকারের প্রবেশপথে অবরোধ সৃষ্টি করেন। এ সময় এমপিরা প্রেসিডেন্ট ও স্পিকারের বসার জন্য সংরক্ষিত আসন সরিয়ে ফেলেন।পার্লামেন্টের ভেতরে এমপিদের বিক্ষোভের পাশাপাশি পার্লামেন্ট ভবনের বাইরেও বিক্ষোভ করেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির সমর্থকেরা। বিক্ষোভকারীরা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ এ ঘটনায় অন্তত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট নাশিদের ছোট ভাইও আছেন।পুলিশ জানিয়েছে, পার্লামেন্টের ভেতরে ও বাইরে ছড়িয়ে পড়া সংঘর্ষে ১৪ জন পুলিশ আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ ছাড়া কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছেন। এএফপি।