
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে সিরিয়া আক্রমণ ইস্যুতে প্রস্তাবিত এক ভোটাভুটি স্থগিত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি জানায়, ওবামা আজ বুধবার বলছেন, রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ সিরিয়ার আওতার বাইরে নেওয়ার জন্য আপাতত কূটনৈতিক পন্থাকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
সম্ভাব্য মার্কিন সামরিক হামলা এড়াতে মজুদ রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সঁপে দিতে রুশ প্রস্তাবে গতকাল মঙ্গলবার রাজি হয়েছে সিরিয়া। এরপর ওবামা আজ এ ঘোষণা দিলেন।
অভিযোগ আছে, গত ২১ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠের কয়েকটি স্থানে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে এক হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। দুই বছর ধরে গৃহযুদ্ধে আক্রান্ত দেশটির জনগণের ওপর এ হামলার দায় সরকারের, নাকি বিদ্রোহীদের, তা এখনো নিশ্চিতভাবে জানা সম্ভব না হলেও, যুক্তরাষ্ট্র দাবি করছে, এর জন্য দায়ী সরকার। তাই সিরীয় সরকারকে হটাতে দেশটিতে ব্যাপক সামরিক হামলার প্রস্তাব করে আসছে ওবামার সরকার।
ওবামা আজ বলেছেন, সিরিয়া সংকটের সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে অবশ্যই সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার পর্যন্ত ওবামার সরকার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের সমর্থন পেতে জোর তদবির চালিয়েছে। কিন্তু দেশটির রাজনীতিক ও জনগণের ওপর বিভিন্ন পত্রিকা ও প্রতিষ্ঠানের চালানো জরিপ থেকে জানা যায়, সরকারের প্রস্তাব খুব অল্প সংখ্যক মানুষের সমর্থন পেতে পারে। তাই সিরিয়া আক্রমণ করা হবে কি না, সেজন্য কংগ্রেসে যে ভোটাভুটির আয়োজন করার কথা ছিল, সেটিকে আটকে দিয়েছেন ওবামা। বিশ্লেষকেরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ভোটাভুটি হলে, ওবামার সরকারের ভরাডুবি হতো।
এর আগে প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস থেকে জনগণের উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে ওবামা রুশ পরিকল্পনা এবং সিরিয়ার সরকারের রাসায়নিক অস্ত্রের মজুদের স্বীকারোক্তিকে ‘অনুপ্রেরণাদায়ী লক্ষণ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘রুশ পরিকল্পনা সাফল্যের মুখ দেখবে কি না এবং আসাদের সরকার চুক্তিমতো কাজ করবে কি না, সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।... তবে বলপ্রয়োগ ছাড়াই রাসায়নিক অস্ত্রের হুমকি বন্ধে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে, সেটি সম্ভাবনাময়।’
ওবামা দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকির কারণেই সিরিয়ার সরকার রুশ প্রস্তাবে রাজি হয়েছে। তবে যেহেতু এখনো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের একটি পথ খোলা আছে, তাই আপাতত ভোটাভুটি বন্ধ রাখা হচ্ছে। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে আমাদের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে, তারা যা করছিল সেটিই করতে থাকুক, আসাদের ওপর চাপ অব্যাহত রাখুক এবং কূটনৈতিক পন্থা ব্যর্থ হলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকুক।’