পার্লামেন্টে যোগ দেননি সু চি ইইউর নিষেধাজ্ঞা প্রত্যাহার
শপথবাক্যে একটি শব্দ পরিবর্তনের দাবিতে উপনির্বাচনের পর গতকাল সোমবার মিয়ানমারের পার্লামেন্টের নতুন অধিবেশনে যোগ দেননি দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী ও সদ্য নির্বাচিত এমপি অং সান সু চি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিয়ানমারের ওপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা এক বছরের জন্য তুলে নিয়েছে। লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে মিয়ানমারের ওপর আরোপিত বাণিজ্য ও অর্থনীতিসহ বেশ কিছু ক্ষেত্রে অবরোধ এক বছরের জন্য তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। শপথের সময় সংবিধান প্রসঙ্গে ‘সুরক্ষা’ (সেফগার্ড) শব্দটির পরিবর্তে ‘সম্মান’ (রেসপেক্ট) শব্দটি প্রতিস্থাপনের দাবি জানায় সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। কিন্তু দেশটির সেনা-সমর্থিত সরকার তা মানতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশনে যোগ দেয়নি দলটি।১ এপ্রিল দেশটির পার্লামেন্টের উপনির্বাচনে ৪৪টি আসনে ভোটাভুটি হয়। এতে সু চির দল ৪৩টি আসনে জয়ী হয়। তবে বিপুল বিজয় সত্ত্বেও দেশটির ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) সংখ্যাগরিষ্ঠতায় কোনো হেরফের হয়নি।এদিকে বিরোধী দলের পার্লামেন্ট বর্জনের হুমকি সত্ত্বেও শপথবাক্যে কোনো শব্দের পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। তিনি পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান রয়েছেন। গতকাল টোকিওতে সাংবাদিকদের মিয়ানমারের প্রেসিডেন্ট বলেন, শান্তিতে নোবেল জয়ী সু চিকে তিনি পার্লামেন্ট অধিবেশনে ‘স্বাগত’ জানাতে চান। থেইন সেইন বলেন, ‘নিজ দলের চেয়ে দেশের জনগণের কথা ভেবে কাজ করা উচিত সু চির।’ গণতন্ত্রপন্থী এই নেত্রীর সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, তাঁকেই ঠিক করতে হবে কোন বিষয়টিকে তিনি অগ্রাধিকার দিতে চান। মিয়ানমারের সংবিধান অনুযায়ী, নির্বাচিত এমপি মন্ত্রিসভার সদস্য হতে পারেন না। প্রেসিডেন্ট বলেন, দেশের চলমান সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ থেকে পিছিয়ে আসা হবে না। গতকাল ইইউর একজন কূটনীতিক জানান, মিয়ানমার সরকার গণতান্ত্রিক সংস্কার কর্মসূচি চালু করায় ইইউ নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সপ্তাহের শেষের দিকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ওই কূটনীতিক জানান, ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারে ৫০০ ব্যক্তি এবং আট শতাধিক প্রতিষ্ঠানের ওপর থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। তবে মিয়ানমারের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেছেন, মিয়ানমারের সেনা-সমর্থিত সরকারের ওপর নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন। এএফপি ও রয়টার্স।