পার্লামেন্টে সরকারের নীতিমালা ঘোষণা করলেন ইংলাক
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তাঁর সরকারের নীতিমালা ঘোষণা করেছেন। গতকাল মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এই নীতিমালা ঘোষণা করেন। ইংলাক দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জাতীয় সংহতির বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। স্বেচ্ছায় নির্বাসনে থাকা ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে চলা রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে ক্ষমতা গ্রহণ করেছেন ইংলাক। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।ভাষণে ইংলাক দেশের মাদক সমস্যা ও মানব পাচার মোকাবিলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া তিনি তাঁর সরকারের নীতিমালার কয়েকটি বিষয়ে বিশদ বিবরণ দেন।দুর্নীতির দায়ে দুই বছরের কারাদণ্ডাদেশ পাওয়া থাকসিন সাজা এড়ানোর জন্য বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন। ধারণা করা হচ্ছে, বোন ইংলাক প্রধানমন্ত্রী হওয়ায় তিনি দেশে ফিরে আসবেন। থাকসিন চলতি সপ্তাহে জাপান সফর করছেন। এই জাপান সফরকে তাঁর বিশ্ব মঞ্চে ফিরে আসা এবং আন্তর্জাতিক বৈধতা ফিরে পাওয়ার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।এদিকে পার্লামেন্টে গতকাল সরকারের সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা আপিসিত ভেজ্জাজিওয়া বলেন, নির্বাচনী প্রচারণার সময় দেওয়া নীতিমালা তারা বদলে ফেলেছে। এএফপি।