পার্লামেন্টের শ্রেষ্ঠত্ব বজায় রাখার অঙ্গীকার পারভেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ পার্লামেন্টের শ্রেষ্ঠত্ব বজায় রাখা, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, ‘পার্লামেন্ট থেকেই সব প্রতিষ্ঠানে ক্ষমতা প্রবাহিত হয়।’পাকিস্তানের ২৫তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ক্ষমতাসীন পিপলস পার্টির (পিপিপি) নেতা রাজা আশরাফ এসব কথা বলেন। তিনি বলেন, ‘পার্লামেন্ট জনগণের প্রত্যাশাকে সুস্পষ্টভাবে তুলে ধরে। কাজেই কেউ যাতে পার্লামেন্ট ও জনগণের ক্ষমতার অপব্যবহার করতে না পারে—সেটা আমরা নিশ্চিত করব।’কিছু অগণতান্ত্রিক ধ্যান-ধারণা পাকিস্তানের মানুষ ও গণতন্ত্রের মর্যাদাহানির চেষ্টা করছে উল্লেখ করে রাজা পারভেজ বলেন, ‘জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে দেশ পরিচালিত হতে পারে—এটা একবারেই দায়িত্বজ্ঞানহীন চিন্তাভাবনা।’ তিনি বলেন, ‘আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে আছি, যেখানে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে ও অব্যাহত রাখতে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক শক্তিগুলোকে বিচক্ষণতা, একতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবকে ত্বরান্বিত করতে হবে।’সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও বেনজির ভুট্টোর আত্মত্যাগের কথা উল্লেখ করে রাজা পারভেজ প্রতিশ্রুতি দেন, তিনি পাকিস্তান পিপলস পার্টির সাবেক ওই নেতাদের পথ অনুসরণ করবেন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশার মর্যাদা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবেন।প্রেসিডেন্টের মুখ্য সচিবকে নোটিশ: লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল গত শুক্রবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মুখ্য সচিবকে নোটিশ জারি করেছেন। ক্ষমতাসীন পিপিপির কো-চেয়ারম্যান জারদারি তাঁর রাজনৈতিক কার্যালয় ত্যাগ না করার ঘটনায় দায়ের করা আদালত অবমাননার এক মামলায় এই নোটিশ জারি করা হয়।গত বছরের ১২ মে লাহোর হাইকোর্টের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ প্রেসিডেন্ট থাকাকালে জারদারি পিপিপির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না মর্মে একটি রুল জারি করেন। একই সঙ্গে আদালত তাঁকে পিপিপির কো-চেয়ারম্যানের পদ ছাড়তেও বলেন। এ ঘটনায় মুহাম্মদ আজহার সিদ্দিক নামে এই আইনজীবী আদালত অবমাননার মামলাটি দায়ের করেন। মামলার আরজিতে সিদ্দিক অভিযোগ করেন, গত বছর আদালতের দেওয়া নির্দেশনা মানা হয়নি এবং পিপিপির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জারদারি প্রেসিডেন্টের ক্ষমতার ‘অপব্যবহার’ করছেন।নোটিশ জারির পর প্রধান বিচারপতি উমর আতা তাঁর পর্যবেক্ষণে বলেন, মামলাটির সঙ্গে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন জড়িত। কাজেই অপেক্ষাকৃত একটি বড় বেঞ্চে এর শুনানি হওয়া উচিত। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের মুখ্য সচিবকে নোটিশ দেওয়া হয়েছে এবং নোটিশের জবাব পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।শুনানি চলাকালে মামলার বাদীপক্ষের আইনজীবী এ কে দোগার বলেন, আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সশরীরে সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন। একইভাবে প্রেসিডেন্ট জারদারিকেও তাঁর অবস্থান ব্যাখ্যার জন্য আদালতে তলব করা উচিত। পরে ২৭ জুন পর্যন্ত মামলার শুনানি মুলতবি করা হয়। পিটিআই।