পালিয়ে বিয়ে করায় নবদম্পতির শিরশ্ছেদ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অভিভাবকের অসম্মতিতে পালিয়ে বিয়ে করায় এক নবদম্পতিকে প্রকাশ্যে শিরশ্ছেদ করা হয়েছে।
পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার মেয়ের পরিবারের সাতজন সদস্য মিলে এ বর্বরতা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, শিরশ্ছেদের শিকার নবদম্পতির নাম সাজ্জাদ আহমেদ (২৬) ও মুয়াফিয়া বিবি (২৩)।
থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, সাজ্জাদ ও মুয়াফিয়ার বাড়ি পাশাপাশি গ্রামে। কয়েক মাস ধরে তাঁদের মধ্যে প্রেম চলছিল। এরপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। সাজ্জাদ বিয়ের প্রস্তাব দিলে মুয়াফিয়ার পরিবার তা প্রত্যাখ্যান করে। এরপর ১৮ জুন তাঁরা পালিয়ে আদালতে গিয়ে বিয়ে করেন।
স্ত্রীসহ সাজ্জাদ তাঁর নিজের বাড়িতে ফিরতে ভয় পাচ্ছিলেন। এর মধ্যে মেয়ের পরিবারের এক সদস্য মুয়াফিয়াকে জানান যে, বাবা-মা তাঁকে ক্ষমা করে দিয়েছেন। এরপর স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন সাজ্জাদ।
এ খবর জানতে পেরে মুয়াফিয়ার বাবাসহ পরিবারের সাত সদস্য সাজ্জাদের বাড়িতে এসে হামলা চালান। নবদম্পতিকে বেদম মারধর করা হয়। একপর্যায়ে দুজনকে গ্রামটির প্রধান সড়কে নিয়ে আসা হয়। ব্যাপক মারধর করে তাঁদের হাত ও পা বাঁধা হয়। প্রকাশ্যে শিরশ্ছেদ করা হয় নবদম্পতির।
এ ঘটনা ঘটিয়ে মুয়াফিয়ার পরিবারের সদস্যরা চিত্কার করে বলতে থাকেন, তাঁদের অসম্মান করায় ওই দম্পতিকে কঠিন শিক্ষা দিয়েছেন। ঘটনার সময় উপস্থিত লোকজনের মধ্যে কেউ ওই হতভাগ্য দম্পতিকে বাঁচাতে এগিয়ে আসেননি।
শিরশ্ছেদ শেষে মুয়াফিয়ার পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।