পালিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নিলেন চেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ভিন্নমতাবলম্বী নেতা চেন গুয়াংচেং রাজধানী বেইজিংয়ের মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন। নিজ বাড়িতে গৃহবন্দিত্ব থেকে পালিয়ে ওই দূতাবাসে পৌঁছেন তিনি। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় ও রাজনৈতিক অধিকার বিষয়ে পরামর্শদানকারী প্রতিষ্ঠান চায়না এইড এ তথ্য জানিয়েছে। চেনকে আশ্রয় দেওয়া নিয়ে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও চীনের পারস্পরিক সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। তবে চেনকে আশ্রয় দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। এ প্রসঙ্গে চীনও গতকাল কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ভিন্নমতাবলম্বী নেতা চেনকে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ শানদংয়ে নিজ বাড়িতে গৃহবন্দী করে রাখে সরকার। সেখান থেকে পালিয়ে তিনি বেইজিংয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক মানবাধিকার সংগঠন চায়না এইড জানায়, তারা চেনের একটি ঘনিষ্ঠ সূত্রের কাছ থেকে জানতে পারে, চেন মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন। এখন তাঁর বিষয় নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। চায়না এইডের প্রধান বব ফু এক ই-মেইল বার্তায় বলেন, ‘চেনের জনপ্রিয়তা রয়েছে, তাই ওবামা প্রশাসনের উচিত হবে, তাঁর ব্যাপারে শক্ত অবস্থানে থাকা। রয়টার্স, বিবিসি।