পাল্টাপাল্টি দোষারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে নির্ধারিত বৈঠক বাতিল হওয়ার পর দুই পক্ষ একে অপরকে দোষারোপ শুরু করেছে। এভাবে একেবারে শুরুর আগ মুহূর্তে বৈঠক ভেস্তে যাওয়ায় বৈরী দুই প্রতিবেশী রাষ্ট্র তাদের মধ্যে থাকা দীর্ঘদিনের অবিশ্বাস দূর করতে কতটুকু আন্তরিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর রয়টার্স, এনডিটিভি ও ডনের।
গত বছরের মে মাসে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির সরকার গঠনের পর দুই দফায় পরমাণু শক্তিধর রাষ্ট্র দুটির আলোচনা বাতিল হলো। দুবারের বৈঠক বাতিল হওয়ার কারণ অভিন্ন।
গত বছর দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠকের আগে ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের হুরিয়াত নেতাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান। এতে ক্ষুব্ধ ভারত ওই বৈঠক বাতিল করে দেয়। তারপর দুই দেশের সম্পর্কে এক অচলাবস্থা চলতে থাকে। সেই অচলাবস্থা নিরসনে গত জুলাই মাসে রাশিয়ার উফা শহরে মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, দুই নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক হবে।
পাকিস্তান সোমবারের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তুলতে চেয়েছিল। আর এ জন্য গতকাল রোববার হুরিয়াত নেতাদের সঙ্গে আলোচনা করার কথা ছিল। তবে কাশ্মীর ও হুরিয়াত নেতাদের নিয়ে আপত্তি তোলে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গত শনিবারই বলে দেন, সন্ত্রাস নিয়ে আলোচনা হবে। এরপর কাশ্মীর প্রসঙ্গ। আর সুষমার এই বক্তব্যের পর পাকিস্তানের কথা ছিল, ভারতের দিক থেকে চাপানো শর্ত মানা তাদের পক্ষে সম্ভব নয়। তাই আলোচনা হচ্ছে না।
বৈঠক ভেঙে যাওয়ার ঘোষণাকে গতকাল ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যায়িত করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর কথা, বৈঠকটি হোক ভারত তা চেয়েছিল। পাকিস্তানই তা বাতিল করেছে।
তবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, হুরিয়াত নেতাদের সঙ্গে ভারত সফররত পাকিস্তানের মন্ত্রী বা কর্মকর্তাদের বৈঠক এর আগেও হয়েছে। ভারত শর্ত জুড়ে দেওয়াতেই বৈঠক ভেস্তে গেল।
মোদি-নওয়াজের বৈঠকের পর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে একের পর এক। এখন নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক বাতিল হওয়ার পর সেই প্রবণতা আরও বাড়বে বলেই ধারণা বিশ্লেষকদের।
ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক হিন্দুর সাবেক সম্পাদক সিদ্ধার্থ ভরদ্বাজন বলেন, ‘এখন যা হবে তা হলো একে অপরকে দোষারোপ বাড়বে আর বাড়বে দুই দেশের মধ্যে উত্তেজনা।’
বৈঠক শুরুর আগে দুই দেশের মধ্যে বাগ্যুদ্ধ শুরু হয়েছিল। সে প্রসঙ্গ তুলে ভরদ্বাজন বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে যা চলছিল তারই প্রতিফলন দেখা গেল।’
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভের পর দুই দেশ তিনটি যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে দুটিই হয়েছে কাশ্মীর নিয়ে। পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করলেও দুটি দেশই এর অর্ধেকটা করে শাসন করে।
পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক পারভেজ ইকবাল চিমা দেশটির এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বৈঠক ভেস্তে যাওয়ার এই সিদ্ধান্ত আঞ্চলিক শান্তির জন্য আখেরে ভালো হবে না।’ তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো আলোচনায় কাশ্মীর প্রসঙ্গ থাকবেই।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারতের প্রধান আকতার প্যাটেল মনে করেন, আলোচনা ভেস্তে যাওয়ায় ভারতের অবস্থান নাজুক হয়ে পড়ল। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় এক নিবন্ধে প্যাটেল লিখেছেন, ‘আলোচনা না করে কি সমস্যার সমাধান হবে? আমরা যদি সত্যিই আন্তরিকতা নিয়ে সমস্যার সমাধান চাই তবে আলোচনা করতেই হবে।’