পাশে নেই ক্যামেরন, কী করবেন ওবামা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা ও ডেভিড ক্যামেরনকে নিয়ে কাটুন
বারাক ওবামা ও ডেভিড ক্যামেরনকে নিয়ে কাটুন

সিরিয়ায় সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে আপাতত যুক্তরাজ্যকে সরাসরি পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। এই অভিযানের বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রস্তাবে সায় দেয়নি দেশটির পার্লামেন্ট। মার্কিন কংগ্রেসের অনেক সদস্য ইতিমধ্যেই সিরিয়ায় হামলা চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাশিয়া ও চীন বিরোধিতা করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই অভিযানের বিষয় অনুমোদন পাওয়ার আশাও নেই। সব মিলিয়ে অভিযান নিয়ে দৃশ্যত বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সবার সামনে এখন বড় প্রশ্ন, কী করবেন ওবামা?

পিছু হটার সুযোগ নেই:
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাঁরা বলেছেন, প্রেসিডেন্ট ওবামা সিরিয়ায় ‘সীমিত আকারে’ সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছেন। তিনি সিরিয়াবিরোধী একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ অবশ্য গতকাল শুক্রবার বলেছেন, তিনি ওবামাকে সামরিক অভিযানের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা দেবেন। এমনকি এ-ও বলেছেন, জাতিসংঘ যদি সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয় বা সামরিক অভিযানের বিষয়ে অনুমোদন না দেয়, তাহলে তাঁরা আরব লিগ ও ইউরোপীয় দেশগুলোর সমন্বয়ে একটি জোট গঠন করবেন। ওই জোটের নেতৃত্বে সিরিয়ায় অভিযান চালিয়ে বাশার আল আসাদের পতন ঘটানো হবে।

পেন্টাগন বলেছে, তাদের পাঁচটি রণতরী ইতিমধ্যে পূর্ব ভূ-মধ্যসাগরে পৌঁছে গেছে। প্রতিটি রণতরীতে কয়েক ডজন করে ব্যাপক বিধ্বংসী টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে। ওবামার নির্দেশ পেলেই এসব ক্ষেপণাস্ত্র সিরিয়ায় আঘাত হানা শুরু করবে।

 হামলা কখন হবে: আসাদ বাহিনী বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র সত্যিই ব্যবহার করেছে কি না, তা পরীক্ষা করতে জাতিসংঘের বিশেষ তদন্ত দল সিরিয়ায় রয়েছে। ওই দলের সদস্যরা গতকাল দামেস্কের একটি হাসপাতাল পরিদর্শন করেছে। আজ শনিবার দলটির সিরিয়া ত্যাগের কথা।    

মার্কিন কর্মকর্তারা বলেছেন, জাতিসংঘের পরিদর্শক দল সিরিয়া ত্যাগ করার পরপরই ওবামা অভিযান শুরুর নির্দেশ দিতে পারেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ওলাঁদও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তিনি ওই তদন্ত দলের সিরিয়ায় অবস্থানের সময় অভিযান চালানোর সম্ভাব্যতা উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি আগামী বুধবার নাগাদ হামলা হতে পারে বলেও আভাস দিয়েছেন।

জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, তদন্ত দল সিরিয়া থেকে ফিরে এসে মহাসচিব বান কি মুনের কাছে সেখানকার পরিস্থিতি ব্যাখ্যা করবে। তবে সিরিয়া বলেছে, ল্যাবরেটরি রিপোর্ট না পাওয়া পর্যন্ত জাতিসংঘ ‘অসম্পূর্ণ’ প্রতিবেদন দাখিল করলে তা গ্রহণযোগ্য হবে না।

গা বাঁচাতে আসাদের মানবঢাল:
রয়টার্স বলেছে, সিরিয়ার সেনাবাহিনীর মধ্যে যেসব সেনা কর্মকর্তা ও সেনাসদস্যকে আসাদবিরোধী হিসেবে চিহ্নিত করে আটক করা হয়েছে, তাঁদের বিভিন্ন সামরিক স্থাপনায় এনে জড়ো করা হচ্ছে। অন্যদিকে, আসাদ অনুগত হাজার হাজার সেনা ও মিলিশিয়া দামেস্কের স্কুল, কলেজ ও হাসপাতালের মতো স্থাপনায় এসে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে।

প্রেসিডেন্ট ওবামা যেহেতু সিরিয়ায় ‘সতর্ক’ ও ‘সীমিত’ অভিযান চালাবেন বলে ঘোষণা দিয়েছেন, সেহেতু সাধারণ মানুষের আবাসস্থলে হামলা চালানোর আশঙ্কা কম। বিষয়টি মাথায় রেখেই আসাদের অনুগতরা এই কৌশল বেছে নিয়েছেন। সামরিক এলাকায় অভিযান চালালে যাতে আসাদবিরোধীরা মারা যায়, সে জন্য ওই এলাকায় রাখা হয়েছে বন্দী সেনাসদস্যদের।

সিরিয়ার একজন সাবেক সেনা কর্মকর্তা বলেছেন, কিছু সেনাকে সেনা ও বিমানঘাঁটির কক্ষে আটকে রাখা হয়েছে। অনেককে আবার কম্পাউন্ডের ভেতরে টুকটাক কাজ দেওয়া হয়েছে। তবে তাঁদের কাছে কোনো অস্ত্র দেওয়া হয়নি।

—বিসিসি ও রয়টার্সের প্রতিবেদনঅবলম্বনে