পাশ্চাত্য কি মিসর বিষয়ে কিছু করতে অক্ষম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে রাজপথ থেকে মুরসিপন্থীদের সরিয়ে দিতে গত বুধবার সরকারি বাহিনীর রক্তক্ষয়ী অভিযানের পর জরুরি অবস্থা জারি করা 
হয়েছে। পরদিন জরুরি অবস্থা ভেঙে বিক্ষোভ শুরু করলে সেনা ও পুলিশ আবার গুলি চালায়। কিন্তু কোনো কিছুই যেন ঠেকাতে
পারছে না মুসলিম ব্রাদারহুডের বিক্ষোভ। মিসরে সহিংসতা অব্যাহত থাকলে হতাহতের সংখ্যাও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে মিসরের বিষয়ে যুক্তরাষ্ট্রসহ ক্ষমতাবান পশ্চিমা বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা এ পর্যন্ত শক্ত কোনো
পদক্ষেপ নেয়নি। মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসি সেনা হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা একে
‘সামরিক অভ্যুত্থান’ বলতে নারাজ। মুরসি-সমর্থকদের ওপর গত বুধবারের নির্মম অভিযানের পর যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে যৌথ
সামরিক মহড়া বাতিল করলেও কায়রোকে দেওয়া বার্ষিক সহায়তা স্থগিত করেনি।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অন্য দেশগুলোর ভূমিকা এখনো ওই অভিযানের সমালোচনা ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান
জানানোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তাই প্রশ্ন উঠেছে, পাশ্চাত্য কি আসলে মিসরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অক্ষম? এ বিষয়ে
সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ কয়েকজনের মত শোনা যাক:

ক্যাটরিনা ডালাকুরা
ক্যাটরিনা ডালাকুরা

ক্যাটরিনা ডালাকুরা
শিক্ষক, লন্ডন স্কুল অব ইকোনমিকস
আমি বলব, পশ্চিমারা, যার মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)—মিসরের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে
অক্ষম। বর্তমান অবস্থায় যুক্তরাষ্ট্র মিসরে সামরিক সহায়তা বন্ধ করে দিলে দেশটির সেনাবাহিনীর ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব
পড়বে। কিন্তু ওই ক্ষতির কথা ভেবে সেনা-সমর্থিত বর্তমান অন্তর্বর্তী সরকারের তাৎক্ষণিক হিসাব-নিকাশে কোনো রদবদল হবে না।
কারণ, বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল।
আর মিসরের ওপর বিশেষ কোনো কৌশল আরোপ করার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোর সংগঠন ইইউর ক্ষমতা যুক্তরাষ্ট্রের চেয়েও
সীমিত। 

ডেভিড বাটার
ডেভিড বাটার

ডেভিড বাটার
সহযোগী ফেলো, চ্যাথাম হাউস, লন্ডন
মিসরে রক্তপাত এড়ানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইইউর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মিসরের বিষয়ে পাশ্চাত্যের অবস্থানকে ফাইন্যান্সিয়াল
টাইমস-এর কলাম লেখক গিডিওন রাচম্যান ‘দ্বিধান্বিত ও অসংলগ্ন’ বলে আখ্যা দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কেন
মিসরে সামরিক সহায়তা বন্ধ করবে না? এর উত্তর হলো, এই সহায়তা বন্ধ করলে মার্কিন অস্ত্র উৎপাদন কারখানাগুলোর ওপর
এর প্রভাব পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলের সঙ্গে মিসরের সম্পর্কের বিষয়টিও বিবেচনায় রাখতে হয়
যুক্তরাষ্ট্রকে।
অন্যদিকে ইইউ মিসরে অস্ত্র নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধ আরোপ করতে পারে। কিন্তু করবে না। কারণ, এতে ইউরোপীয়
প্রতিষ্ঠানগুলো ব্যবসা হারাবে।

মোনা আল-কাজ্জাজ
মুখপাত্র, মুসলিম ব্রাদারহুড

মিসরে সেনাবাহিনী গণতান্ত্রিক সরকারের ক্ষমতা ছিনতাই করে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে। কিন্তু
আন্তর্জাতিক বিশ্ব নিশ্চুপ। কোনো কোনো ক্ষেত্রে দুর্বলভাবে নিন্দা জানানো হচ্ছে মাত্র। প্রেসিডেন্ট মুরসি সেনা-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত
হওয়ার কয়েক দিনের মধ্যে আফ্রিকান ইউনিয়ন (এইউ) সংগঠনটিতে মিসরের সদস্যপদ স্থগিত করে, অথচ পশ্চিমারা এ
ঘটনাকে সেনা-অভ্যুত্থান বলতে ইতস্তত করছে। মিসরে গণহত্যা চালানো হলেও আন্তর্জাতিক বিশ্ব নীরব ভূমিকা পালন করছে।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র
যুক্তরাজ্য মিসরে রক্তপাত বন্ধে প্রচেষ্টা চালিয়েছে। এর অংশ হিসেবে ২৪ জুলাই একজন মন্ত্রী মিসর সফর করেন। রক্তক্ষয়ী
অভিযানের আগের দিন প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড মিসরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কথা বলেন।
এটা দুঃখজনক যে কোনো উদ্যোগেই রক্তপাত এড়ানোর সম্ভব হয়নি। বিবিসি।