জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। তবে আফ্রিকান ইউনিয়ন (এইউ) এবং আঞ্চলিক শক্তি দক্ষিণ আফ্রিকা ওই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে আখ্যা দিয়েছে।
গত বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। ৬১ শতাংশ ভোট পেয়ে সপ্তমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৮৯ বছর বয়সী মুগাবে। তিনি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী রাষ্ট্র বা সরকারপ্রধানদের একজন। মুগাবের প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রধানমন্ত্রী মর্গান চাঙ্গিরাই নির্বাচনে জালিয়াতি ও কারচুপির অভিযোগ তুলেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, তাঁর দেশ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মনে করে না।
জিম্বাবুয়ের সাবেক ঔপনিবেশিক শাসক যুক্তরাজ্যও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অনেকের ভোট দিতে না পারার অভিযোগ উল্লেখ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ তা তদন্তের আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলিয়া নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নতুন করে ভোট গ্রহণের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও উদ্বেগ প্রকাশ করেছে। বিবিসি।