পাসপোর্ট হাতে পেলেন সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। তাঁর রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গতকাল মঙ্গলবার এ তথ্য জানায়। এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেন, সু চির পাসপোর্ট পাওয়ার সংবাদটি গত শুক্রবার জানানো হয়েছে। পাসপোর্ট এখন তাঁর হাতেই রয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে তিনি বিদেশ সফরে যেতে পারেন।সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সু চি স্বাধীনভাবে বিদেশ সফর করতে পারবেন।দেশটির সাবেক রাজবন্দীদের কয়েকজন গত ২৪ বছরের মধ্যে এই প্রথম বিদেশ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। ৬৬ বছর বয়সী সু চি আগামী মাসে নরওয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। সেখান থেকে তাঁর নোবেল পুরস্কার গ্রহণের কথা রয়েছে। শান্তির জন্য তিনি ১৯৯১ সালে ওই পুরস্কার পেয়েছিলেন। নরওয়ে ছাড়া তাঁর যুক্তরাজ্য সফরের সম্ভাবনা রয়েছে। আশির দশকে দেশে ফেরার আগে তিনি স্বামীর সঙ্গে বহু বছর যুক্তরাজ্যে ছিলেন। মিয়ানমারের স্বাধীনতার নায়ক জেনারেল অং সানের মেয়ে সু চি ১৯৮৮ সালে অসুস্থ মাকে দেখতে দেশে ফিরেছিলেন। এর পর থেকে তিনি কখনো দেশের বাইরে যাননি। ভয় ছিল, দেশ ছেড়ে গেলে তাঁকে হয়তো আর ফিরতে দেওয়া হবে না।সু চিকে গত দুই দশকের বেশির ভাগ সময় তাঁর ইয়াঙ্গুনের বাড়িতে অন্তরীণ অবস্থায় রেখেছিল সাবেক সামরিক জান্তা। তবে বর্তমান বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন সংস্কার কর্মসূচি হাতে নেওয়ায় পরিস্থিতি অনেকটা পাল্টেছে। সু চির দল গত মাসে অনুষ্ঠিত পার্লামেন্টের উপনির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করে। তাঁর বিদেশ সফরের এই সিদ্ধান্ত বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইনের প্রতি আস্থাই প্রকাশ করে। এএফপি।