পাসপোর্টের বিকল্প আইপ্যাড!
কানাডার এক নাগরিক আইপ্যাডে স্ক্যান করা তাঁর পাসপোর্ট দেখিয়ে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে গেছেন। মার্টিন রেইশ নামের ওই কানাডিয়ান নাগরিক গত মঙ্গলবার এ কথা জানান। পাসপোর্ট আনতে ভুলে যাওয়ায় তিনি ওই বিকল্প পন্থা অবলম্বন করেন।রেইশ জানান, তিনি কুইবেক থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। কিন্তু সীমান্ত এলাকায় পৌঁছে দেখেন, তিনি পাসপোর্ট আনতে ভুলে গেছেন। তখন তিনি মনে ক্ষীণ আশা নিয়ে মার্কিন সীমান্ত কর্মকর্তাকে বিষয়টি জানান। সঙ্গে এ-ও জানান, ক্রিসমাসের উপহার পৌঁছে দিতে তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়া খুব জরুরি। এ সময় বিকল্প হিসেবে আইপ্যাডে স্ক্যান করে রাখা তাঁর পাসপোর্টের কপিটি সীমান্ত কর্মকর্তাকে দেখান।রেইশ বলেন, ‘কিছুটা বিরক্ত ওই কর্মকর্তা তখন আইপ্যাডটি নিয়ে তাঁর দপ্তরে ঢুকে পড়েন। মাত্র পাঁচ-ছয় মিনিট পরই তিনি বেরিয়ে আসেন। কিন্তু এটুকু সময়কেই আমার অনন্তকাল বলে মনে হচ্ছিল। তারপর ওই কর্মকর্তা তাঁর আইপ্যাডটি ফেরত দিয়ে ক্রিসমাসের শুভেচ্ছা জানান।’ওই দিনই অবশ্য রেইশ আবার কানাডায় ফিরে আসেন। তবে তিনি আর কখনো পাসপোর্ট সঙ্গে নিতে ভুল করবেন না বলে জানান। বিবিসি।