পায়ের নিচে সুপ্তঘাতক
তি পা দো-র যদ্দুর মনে পড়ে, মিয়ানমারের পূর্বাঞ্চলে একটি জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি বিস্ফোরণ হলো। চোখের সামনে বিদ্যুৎ চমকানোর মতো একটি ঝলকানি দেখা গেল। তিনি পড়ে গেলেন। দেখলেন একটি পায়ের গোড়ালি থেকে নিচের অংশ নেই। সেখানে বয়ে যাচ্ছে রক্তের স্রোত। বুঝলেন, ‘সুপ্তঘাতক’ ভূমিমাইনে পা পড়েছিল তাঁর। বন্ধুদের সহযোগিতা ও প্রচণ্ড মানসিক শক্তি তাঁকে শেষ পর্যন্ত বাঁচিয়ে দিয়েছে। সহযোগীদের সাহায্যে সীমান্ত পার হয়ে থাইল্যান্ডের মায়ে সট শহরে পৌঁছাতে পেরেছেন তিনি। সেখানকার একটি চিকিৎসাকেন্দ্রে এখন তাঁর চিকিৎসা চলছে। মিয়ানমারের কারেন রাজ্যের প্রধান ছিলেন তি পা দো। তিনি বললেন, গৃহযুদ্ধের কারণে প্রাণে বাঁচতে বেশ কয়েকজনের সঙ্গে তিনিও স্থলপথে থাইল্যান্ডে পালাচ্ছিলেন। এ দুর্ঘটনার পর তাঁকে সঙ্গীরা মায়ে সটের ক্লিনিকে ভর্তি করলে সেখানে চিকিৎসকেরা তাঁর ক্ষতবিক্ষত পা’টি কেটে ফেলেন। তিনি জানান, সীমান্ত-সংলগ্ন অন্যান্য রাজ্যের মতো তাঁর রাজ্যেও হাজার হাজার ভূমিমাইন পেতে রাখা হয়েছে। শুধু যে সেনাবাহিনী এসব মাইন পেতে রাখে তা-ই নয়, বিভিন্ন সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনী অথবা প্রতিদ্বন্দ্বী পক্ষকে ফাঁদে ফেলতে এগুলো পেতে রাখছে। কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) নামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ১৯৪৯ সাল থেকে স্বাধীনতার দাবিতে সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। ১৯৯৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ভূমিমাইনবিরোধী আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ড মাইন বলেছে, মিয়ানমারই হচ্ছে একমাত্র দেশ, যেখানে এখনো সেনাবাহিনী ও মিলিশিয়ারা নিয়মিত ভূমিমাইন পেতে রাখছে। ওই সংগঠন সম্প্রতি তার বার্ষিক ভূমিমাইন ও গুচ্ছবোমার ওপর পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনের অন্যতম লেখক ইয়েশুয়া মোসার বলেন, পৃথিবীর অন্যান্য দেশে যখন ভূমিমাইনের ব্যবহার হারে কমছে, তখন মিয়ানমারে তা বাড়ছে। সরকারি বাহিনীর পাশাপাশি মিলিশিয়ারাও তা নিয়মিত পেতে রাখছে। ভূমিমাইন বিস্ফোরণে মিয়ানমারে এ পর্যন্ত কতজন হতাহত হয়েছেন তার হিসাব সরকারিভাবে সংরক্ষণ করা হয়নি। ফলে এর সঠিক হিসাব জানা এখন অসম্ভব। তিনি জানান, তাঁদের হিসাবে দেশটির মোট ৩২১টি ছোট-বড় শহর বা শহরতলির মধ্যে ৩৩টির আশপাশে জালের মতো বিছানো রয়েছে এ মানববিধ্বংসী অস্ত্র।ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ড মাইন তার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলেছে, ২০০৯ সালের আগের ১০ বছরে ভূমিমাইনের কবলে পড়ে কমপক্ষে দুই হাজার ৫৮৭ জন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৮৩ জন নিহত হয়েছেন। তবে ওই গবেষণায় জড়িত ইয়েশুয়া মোসার বলেছেন, ভাসা ভাসা তথ্যের ভিত্তিতে এ সংখ্যা উল্লেখ করা হয়েছে। তাঁদের ধারণা, প্রকৃত সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি। তিনি বলেছেন, মিয়ানমারের মতো দেশে ভূমিমাইনের শিকার হওয়া ব্যক্তিরা চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দ্রুত চরম দারিদ্র্যে নিপতিত হন। অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের জমিজমা বেচতে অথবা ধার করতে হয়। অন্যদিকে, অঙ্গহানির ফলে তাঁদের কাজ করার ক্ষমতা থাকে না। মিয়ানমার সীমান্ত-সংলগ্ন থাইল্যান্ডের মায়ে তাও শহরে একটি ক্লিনিকে ভূমি মাইনের শিকার হওয়া ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়। মাও কেল নামের মিয়ানমারের একজন চিকিৎসক বিনা মূল্যে সেখানে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছেন। অস্ত্রোপচারের পাশাপাশি সেখানে কৃত্রিম পা সরবরাহ করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে মিয়ানমার থেকে লোকজন অবৈধভাবে থাইল্যান্ড সীমান্তে ঢোকে।ইয়েশুয়া মোসার জানান, সেনাবাহিনী প্রায়ই সাধারণ লোককে জোর করে ভূমিমাইন অপসারণের কাজে ব্যবহার করে। এ ছাড়া কোনো অভিযানে যাওয়ার সময় তারা সাধারণ মানুষকে বন্দুকের মুখে সামনে রেখে পথ চলে, যাতে ভূমিমাইন থাকলে বেসামরিক লোক আগে তার শিকার হয়। তিনি জানান, সেনাবাহিনীর পাশাপাশি মিয়ানমারের অন্তত ১৭টি সশস্ত্র সংগঠন মাইন ব্যবহার করছে। মাও কেল বলেন, যদি এ মুহূর্তে সেনা বা মিলিশিয়ারা ভূমিমাইন পাতানো বন্ধ করেও দেয়, তা হলেও তাকে হয়তো আরও বহু দিন পর্যন্ত দুর্ঘটনার শিকার হওয়া লোকজনকে চিকিৎসা দিতে হবে। তিনি বলেন, কম্বোডিয়ায় যুদ্ধ শেষ হয়েছে ৩০ বছর আগে। কিন্তু এখনো সেই সময়ের পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে লোকজন হতাহত হচ্ছে। মিয়ানমারের ক্ষেত্রে ঠিক একই ব্যাপার ঘটতে যাচ্ছে বলে তিনি মনে করেন। এএফপি।