পি চিদাম্বরম আবার ভারতের অর্থমন্ত্রী
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে আবারও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সুশীল কুমার সিন্ধে। এ ছাড়া করপোরেট-বিষয়ক মন্ত্রী এম ভিরাপ্পা মইলেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নয়াদিল্লিতে গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই রদবদল করা হয়।চিদাম্বরম এর আগে ১৯৯৬-৯৮ এবং ২০০৪-০৮ মেয়াদে দুই দফায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রণব মুখার্জি অর্থমন্ত্রীর পদ থেকে গত মাসে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী মনমোহন সিং এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেন।এর আগে দায়িত্ব পালনকালে ব্যবসামুখী বাজেট প্রণয়ন করে চিদাম্বরম অর্থনীতিবিদদের কাছে প্রশংসিত হন। তৃতীয়বারের মত তিনি আবার অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিকভাবে দেশটির শিল্প ব্যবসায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। চিদাম্বরমকে ২০০৮ সালের মুম্বাই হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ওই হামলায় ১৬৬ জন প্রাণ হারায়।পার্লামেন্টের বর্ষা মৌসুমের অধিবেশন শুরুর প্রাক্কালে ভারতের মন্ত্রিসভায় এ রদবদল আনা হল। ৮ আগস্ট দেশটিতে পার্লামেন্ট অধিবেশন শুরু হচ্ছে। পিটিআই ও এএফপি।