পিঁপড়া খেয়ে বেঁচে ছিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় প্রায় জনশূন্য মরুভূমি এলাকায় ছয় দিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি খাবার ও পানি ছাড়াই শুধু পিঁপড়া খেয়ে বেঁচে ছিলেন। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। খবর বিবিসির।
গত সপ্তাহে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের প্রত্যন্ত এলাকায় শিকারের জন্য বন্য উটকে অনুসরণ করতে গিয়ে নিখোঁজ হন রেজ ফগারডি (৬২)। যে স্থান থেকে তিনি নিখোঁজ হন, সেখান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পুলিশের একটি দল গতকাল তাঁকে খুঁজে পায়। সেখানে একটি গাছের নিচে ছিলেন তিনি।
স্থানীয় পুলিশের প্রধান অ্যান্ডি গ্রেটউড বলেন, ‘ফগারডিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তিনি তীব্র পানিশূন্যতায় ভুগছিলেন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।’ ওই পরিস্থিতিতে বেশির ভাগ মানুষই বাঁচে না উল্লেখ করে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘শেষ কয়েক দিন ফগারডি গাছের নিচে শুয়ে থেকে কালো পিঁপড়া খেয়ে বেঁচে ছিলেন।’