পিছু হটলেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অবশেষে মেনে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার রাতেই ১৮০ ডিগ্রি ঘুরে ঘোষণা দিলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আট কর্মকর্তার বদলির আদেশ রাজ্য সরকার মেনে নিয়েছে। আদেশ বাস্তবায়ন করে গতকাল বুধবারই দিল্লিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য সরকার।

এর আগে রাজ্যের মুখ্য সচিব মমতার কাছে বার্তা পাঠিয়ে জানিয়ে দেন, ইসির আদেশ মানা ছাড়া পথ নেই। অবশেষে দুর্গাপুরে অবস্থানরত মুখ্যমন্ত্রী মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে রাজ্য সরকারের অবস্থানের কথা জানিয়ে দেন।

পশ্চিমবঙ্গের আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের একজন জেলা প্রশাসক, পাঁচজন পুলিশ সুপার ও দুজন এডিএম নিরপেক্ষভাবে কাজ করছেন না অভিযোগ এনে নির্বাচন কমিশন গত সোমবার তাঁদের বদলি করতে রাজ্য সরকারকে নির্দেশ দেন। নির্বাচন কমিশন ওই আট কর্মকর্তার স্থলে নতুন কর্মকর্তাদের নিয়োগের তালিকাও দেন। কিন্তু এই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা মানবেন না বলে ঘোষণা দেন। এ অবস্থায় নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়ে দেয়, বুধবার ১০টার মধ্যে রাজ্য সরকার বদলির আদেশ কার্যকর না করলে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচন বাতিল বা স্থগিত করতে পারে। এরপরই রাজ্য সরকার সুর নরম করে।